শায়েস্তাগঞ্জে ফের ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার

শায়েস্তাগঞ্জে ফের ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মুরগি ও সবজির দামে কিছুটা স্বস্তি মিললেও মাছ ও মাংসের চড়া দাম নিয়ে সাধারণ মানুষের অস্বস্তি কাটছে না। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারের এই বিপরীতমুখী পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফলে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় নাভিশ্বাস উঠছে নিম্ন ও মধ্যবিত্তরা। শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে এদিন শায়েস্তাগঞ্জ বাজারে মুরগির দাম কেজিতে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত কমেছে। সোনালি মুরগি এখন ৩৫০ থেকে ৩৬০ টাকা এবং ব্রয়লার ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দামও কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। পটোল, করলাসহ বেশির ভাগ গ্রীষ্মকালীন সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

ক্রেতারা মুরগি ও সবজির দাম কমায় কিছুটা স্বস্তি পেলেও মাছের বাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ২০০ টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। বাজারে কাতল মাছ প্রতি কেজি ৩৬০ টাকা, রুই মাছ ৩২০ টাকা এবং পাবদা মাছ ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া তেলাপিয়া মাছ ২০০ টাকা, পাঙাশ মাছ ২০০ টাকা, কই মাছ ২২০ টাকা এবং সিলভার কার্প ১৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, মাছের উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দামও কমছে না। এদিকে বাজারে ভোজ্য তেলের দামও আবার বেড়েছে।

বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৯৯ টাকায়, যা গত সপ্তাহেও ছিল ১৯৫ টাকা। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৭৬ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৯ থেকে ১৮০ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৭৫ টাকা পর্যন্ত। বাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, সবজি, মাছ, মাংস ও ডিমের পর এবার ভোজ্য তেলের দামও বাড়ায় সংসারের খরচ আরও বেড়ে গেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো এখন সবচেয়ে বেশি চাপে পড়েছে। অর্থনীতিবিদদের মতে, ব্যবসায়ীরা নানা অজুহাতে দাম বাড়ালেও তাদেরকেই ভিআইপি-সিআইপির মতো ক্রেডিট দেয় সরকার। কিন্তু সাধারণ মানুষকে এই অসহনীয় পরিস্থিতি রক্ষায় সরকারের তেমন কোনো পদক্ষেপ নজরে পড়ছে না। ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্য পরিবহনের খরচ কয়েক গুণ বেড়ে গেছে। এই বাড়তি পরিবহন খরচ পণ্যের মূল্যের সঙ্গে যোগ হওয়ায় খুচরা বাজারে দামের ওপর সরাসরি প্রভাব পড়ছে।

চালের বাজারে মাঝারি মানের চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে। বাজারে আসা ক্রেতারা বলছেন, সবজি ও মুরগির দাম কমায় কিছুটা আশা দেখলেও মাছ ও অন্যান্য পণ্যের বাড়তি দামের কারণে তাদের হিমশিম খেতে হচ্ছে।