জটিল রোগে আক্রান্ত শিশু সৌভিক বাঁচতে চায়

জটিল রোগে আক্রান্ত শিশু সৌভিক বাঁচতে চায়

ফন্ট সাইজ:

সময় মতো চিকিৎসা করাতে না পারলে অকালে নিভে যাবে একটি শিশুর জীবন প্রদীপ। সৌভিক নামের এই শিশুটিকে বাঁচাতে ২ লাখ টাকার প্রয়োজন। এ অবস্থায় শিশুটির দরিদ্র পরিবার অর্থের অভাবে তাকে চিকিৎসা করাতে পারছে না। দ্রুত শিশুটিকে অপারেশন করাতে না পারলে বাঁচানো দায় হয়ে পড়বে। এ পরিস্থিতিতে সৌভিকের পরিবার সরকার এবং বিত্তবানদের সহায়তা কামনা করেছেন। বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের পিঁপড়াডাঙ্গা গ্রামের সৌমিত্র মণ্ডলের স্ত্রী চন্দনা মৃধা জানান, তাদের ২২ মাস বয়সী পুত্র সন্তান সৌভিক হাইড্রোসেফালাস (মস্তিষ্কে পানি জমা) রোগে আক্রান্ত।

শিশুটিকে বাগেরহাট, খুলনাসহ বিভিন্নস্থানে চিকিৎসা করানো হয়েছে। খুলনার বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত তাকে ঢাকায় নিয়ে অপারেশন করাতে হবে। এ পরিস্থিতিতে দরিদ্র পরিবারের পক্ষে শিশুটিকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর মতো কোনো সঙ্গতি নেই। কীভাবে তাদের সন্তানকে বাঁচাবেন সে চিন্তায় দিশাহারা হয়ে পড়েছেন। শিশুটির দাদা বৃদ্ধ খিরোদ চন্দ্র মণ্ডল জানান, কীভাবে শিশুটির চিকিৎসার টাকা জোগাড় করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। চোখের সামনে শিশুটি যন্ত্রণায় প্রতিনিয়ত ছটপট করছে। ধার-দেনা করে এতদিন চিকিৎসা করেছি এখন আর কোনো উপায় নেই। তাই সরকার এবং বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে তার চিকিৎসা করানো সম্ভব হবে।