বান্দরবান সদরের ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে বিলাসবহুল প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গাড়ির চালক জাকির হোসেনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ট্রাফিক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির সিটের গোপন স্থানে লুকানো ১৩টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক জাকির হোসেন কুমিল্লার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রাইভেটকারযোগে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে বান্দরবান সদরে প্রবেশ করা হয়েছিল। পুলিশ জানায়, উদ্ধার করা ১৩টি প্যাকেট খুলে ইয়াবার সঠিক পরিমাণ নির্ধারণের পাশাপাশি চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। বান্দরবান জেলা পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
