নিখোঁজের চারদিন পর খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চারদিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তার কোমরে গামছা দিয়ে বাঁধা একটি বালির বস্তা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া এলাকার জিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা পার্শ্ববর্তী বহলবাড়ী ইউনিয়নের খাড়ারাগ্রামের করিম আলীর স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১২টার দিকে ছেলে হাসান আলীর সঙ্গে সর্বশেষ কথা বলেন হাসনা। এরপর তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।

ভোররাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার সন্ধান না পাওয়ায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। চারদিন পর শুক্রবার সকালে স্থানীয়রা গোবিন্দগুনিয়া এলাকার জিকে খালে একটি মরদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন। মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।