রাজধানীর ডেমরার কামারভোগ এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনি (২৬) নামের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় কয়েকজন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানা থেকে জানানো হয়, রনি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত দেলোয়ার হোসেনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। দেলোয়ার হোসেন ব্যাটারিচালিত রিকশার চালক ছিলেন।
এদিকে ডেমরা থানার উপপরিদর্শক শীতল কুমার শুক্রবার গণমাধ্যমকে বলেন, রনির বিরুদ্ধে মাদকাসক্তি ও মাদক বিক্রির অভিযোগ রয়েছে। দেলোয়ার ও রনি একে অন্যকে চেনেন। দেলোয়ার রনির কাছে দেড় শ টাকা পেতেন। এ নিয়ে দু'জনের মধ্যে ঝগড়া হয়। এর জেরে দেলোয়ারের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেন রনি।
স্থানীয় কয়েকজন রনিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
