ইংল্যান্ডের একটি ডিপো থেকে দুটি ভারী মালবাহী এইচজিভি ট্রেইলার নিয়ে ৮০০টিরও বেশি ব্যারেল গিনেস বিয়ার চুরি করেছে একদল চোর। চেশায়ার পুলিশ জানিয়েছে, সোমবার রানকোর্নের অ্যাস্টন লেনের হোয়াইটহাউস ইন্ডাস্ট্রিয়াল এস্টেট থেকে আনুমানিক ১ লাখ ১৫ হাজার পাউন্ড মূল্যের প্রায় ৭০ হাজার পাইন্ট স্টাউট চুরি হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি ব্যারেলে প্রায় ৮৮ পাইন্ট করে বিয়ার ছিল। এগুলো বিভিন্ন পানশালায় সরবরাহের জন্য নির্ধারিত ছিল।
স্থানীয় পুলিশ জানায়, সেদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে একটি ট্রেইলারভর্তি বিয়ার চুরি করা হয়। এর প্রায় পৌনে দুই ঘণ্টা পর রাত ৯টা ৩০ মিনিটের দিকে দ্বিতীয় ট্রেইলারটিও নিয়ে যায় চোরেরা।
ডিটেকটিভ সার্জেন্ট গ্যারি ম্যাকক্ল্যাচি বলেন, গিনেস আপনার জন্য উপকারী- এ কথা বহুল প্রচলিত। তবে সেটি কেবল তখনই প্রযোজ্য, যখন বিয়ারটি কিনে তার মূল্য পরিশোধ করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চুরি হওয়া একটি ট্রেইলারকে মার্সি গেটওয়ে সেতুর দিকে যেতে দেখা গেছে। অন্যটি রেইনহিল ও ওয়াটকিনসন ওয়ের দিকে গেছে বলে ধারণা করা হচ্ছে।
দুটি ট্রেইলারই দুই পুরুষ চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বর্ণনা অনুযায়ী, প্রথম চালক শ্বেতাঙ্গ, তার ছোট কালো দাড়ি ছিল এবং মাথায় বিনি টুপি পরা ছিল। দ্বিতীয় চালক সম্ভবত একটি ক্যাপ পরেছিলেন।
চুরি হওয়া গিনেস ও দুটি ট্রেইলার মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ ৫ হাজার পাউন্ড বলে জানিয়েছে পুলিশ।
ট্রেইলার দুটি সাদা রঙের, তিন-অ্যাক্সেলবিশিষ্ট পর্দাযুক্ত। এগুলোর পাশের পর্দা ও পেছনের দরজায় লজিস্টিকস প্রতিষ্ঠান জিএক্সওর ব্র্যান্ডিং রয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রতিটি ট্রেইলারের পেছনের দরজার ওপরের বাম কোণে স্বতন্ত্র শনাক্তকারী নম্বর রয়েছে। চুরি হওয়া ট্রেলার দুটির নম্বর ডিএল৭৩৬ এবং ডিএল৫৪২।
চুরি হওয়া ট্রেইলার বা বিয়ার সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
