বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি, আহত বৃদ্ধার মৃত্যু

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি, আহত বৃদ্ধার মৃত্যু

ফন্ট সাইজ:

ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে ধানক্ষেতে পড়ে গেছে। এই ঘটনায় আহত হয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি স্ত্রীসহ ওই গাড়িতে ছিলেন। তার স্ত্রীও সামান্য আহত হয়েছেন। এ সময় আহত পথচারী ফিরোজা বেগম (৬০) নামের এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান গণমাধ্যমকে ফিরোজা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মন্ত্রীর গাড়ি যখন যাচ্ছিল তখন এই বৃদ্ধা নারী রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়েই মূলত নিয়ন্ত্রণ হারায় প্রতিমন্ত্রীর গাড়ি। আহত পথচারী বৃদ্ধাকে হাসপাতালে নেয়া হয়। তবে বেলা ১২টার দিকে  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধা মারা যান। 

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার কিচক বড় ব্রিজের পূর্বপাশে হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিমন্ত্রী হাঁটু ও দুই পায়ে আঘাত পান। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি বর্তমানে জয়পুরহাটে তার বাড়িতে রয়েছেন।  প্রতিমন্ত্রীর গাড়ির চালকও আহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী গণমাধ্যমকে বলেন, আমরা রক্ষা পেয়েছি। রাস্তা থেকে গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে। এতে হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।

এর আগে ঘটনার পরপর শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, প্রতিমন্ত্রী ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকা জয়পুরহাটে যাচ্ছিলেন। পথে শ্রবণ প্রতিবন্ধী এক বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি রাস্তার পাশের জমিতে নেমে পড়ে। গাড়িতে প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও ছিলেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। গাড়িটি এখনো উদ্ধার করা যায়নি।

ওসি তখন আরো বলেন, দুর্ঘটনায় শ্রবণ প্রতিবন্ধী ওই বৃদ্ধা নারীও আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম ফিরোজা; তিনি স্থানীয় গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।