পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র চোরাচালানকারীদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়েছে ইরানের। পরবর্তীতে অস্ত্রের একটি বড় চালান জব্দ করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। দেশটির আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।
ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সীমান্তরক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডার ফার্স নিউজকে জানান, চোরাচালানকারীদের সঙ্গে গোলাগুলির পর ঘটনাস্থল থেকে চারটি আরপিজি-৭ লঞ্চার, ছয়টি ট্যাঙ্কবিধ্বংসী আরপিজি প্রজেক্টাইল, ছয়টি আরপিজি প্রপেলান্ট চার্জ, একে-৪৭ রাইফেলের ২ হাজার ৩৮২ রাউন্ড গুলি এবং এম-৪ রাইফেলের ৭৯৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, দেশে বড় ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানো এবং অভ্যন্তরীণ নিরাপত্তা অস্থিতিশীল করার লক্ষ্যেই এই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সীমান্ত দিয়ে ইরানে পাচার করা হচ্ছিল।
