ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন কার্যক্রম পর্যালোচনায় একটি সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে বিএনপি’র সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং আবদুস সাত্তার পাটোয়ারী।
