সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেলের গেজেট প্রকাশে দেরি হতে পারে। প্রশাসনিক কিছু জটিলতার কারণে গেজেট প্রকাশে দেরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন পে-স্কেল গত ৩১শে আগস্ট মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়। তবে অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার গণমাধ্যমকে বলেছেন, অনুমোদিত এই বেতন কাঠামোর প্রজ্ঞাপন আগামী রোববার জারি করা হবে। প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে নতুন পে-স্কেল। সূত্র বলছে, নতুন জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। পে-স্কেলের খসড়া বিজি প্রেসে পাঠানো হয়েছে। বিজি প্রেস থেকে এটি অর্থ মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে আইন মন্ত্রণালয়ে ভেটিং হয়ে আনুষ্ঠানিকভাবে এসআরও নম্বর পেয়ে প্রকাশ করা হবে।
এদিকে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন বৃহস্পতিবারের মধ্যে প্রকাশের ঘোষণা দিয়েছিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তবে প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে কিছুটা দেরি হচ্ছে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। নতুন বেতন কাঠামোয় ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ১৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০,০০০ টাকায়। অন্যদিকে, প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১০০ শতাংশ বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ১লা জুলাই ২০২৬ থেকে নতুন কাঠামো কার্যকরের সিদ্ধান্ত হলেও বর্ধিত বেসিকের সুবিধা একবারে মিলবে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরেই তিন ধাপে নতুন বেসিক বাস্তবায়ন করা হবে।
