কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বৃহস্পতিবার ভোরে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ শেয়ার করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশধারী ব্যক্তিরা অফিস ভাঙচুর করছে এবং একটি টেলিভিশন ও অন্যান্য গেজেটসহ ইলেকট্রনিক সরঞ্জাম নিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, আজ ভোররাতে বিজেপি আমার দলীয় কার্যালয়ের এই অবস্থা করেছে। অভিষেক সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন এবং প্রশ্ন করেছেন, তৃণমূল কংগ্রেস এবং তাকে এত ভয় পান কেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে যদি সহিংসতা, ভাঙচুর এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিরোধী দলের সঙ্গে এভাবেই আচরণ করতে হয়, তাহলে মুখ্যমন্ত্রীর পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তার পদত্যাগ করা উচিত।
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ছয়জনকে আটক করেছে। তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের অফিসটি নিয়ে গত কয়েক দিনে শিরোনামে উঠে এসেছে। মূলত এই অফিস থেকেই অভিষেক তার দলীয় কাজকর্ম পরিচালনা করে থাকেন। গত বৃহস্পতিবার বিকালে কলকাতা পুরসভার আধিকারিকেরা ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস থেকে একটি বিলবোর্ড খুলতে গিয়েছিলেন, সঙ্গে ছিল পুলিশ। তৃণমূলের নামাঙ্কিত সেই বিলবোর্ড অবৈধভাবে বসানো হয়েছে বলে অভিযোগ করে পুরসভা জানায়, বিলবোর্ডটি বিপজ্জনকভাবে ঝুলছিল।
তাই তা খুলে নিতে গিয়েছিলেন আধিকারিকেরা। কিন্তু অভিষেক এবং তার অনুগামীদের বিরুদ্ধে পুরকর্মীদের কাজে বাধা দেয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল চলছে এখনও।
