প্রযুক্তির হাত ধরে ছাত্রদলের রাজনীতি এগিয়ে নেয়ার আহ্বান রিজভী’র

ফন্ট সাইজ:

প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত না হলে তারা পিছিয়ে পড়বে বলে ছাত্রদলের নেতাদের সতর্ক করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে প্রযুক্তির হাত ধরে ছাত্রদলের রাজনীতি এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ডিজিটাল প্ল্যাটফরমের উদ্বোধন এবং ৪টি তথ্যবহুল বুকলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত থাকা জরুরি। তা না হলে তারা প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়বে। ছাত্রদলের এ ডিজিটাল উদ্যোগ শিক্ষার্থীদের তথ্য ও জ্ঞানভিত্তিক কার্যক্রমে আরও সম্পৃক্ত করবে। ছাত্রদল একটি মহতী উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত ১৬-১৭ বছরে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ব্যাপক নিপীড়ন ও মামলা দেয়া হয়েছে। এমনকী সংগঠনের অনেক নেতার নামে ৩০টিরও বেশি মামলা ছিল। তাদের অনেকে তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো দূরের কথা, কলেজের শিক্ষার্থীও ছিলেন না। অর্থাৎ কলেজ পর্যায় থেকেই তারা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন। রিজভী বলেন, দীর্ঘদিনের নিপীড়ন-নির্যাতনের মধ্যে একটি ছাত্র সংগঠনের প্রধান দায়িত্ব-শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কর্মসূচি নেয়া কঠিন হয়ে পড়েছিল। সেই জায়গা থেকে ছাত্রদলের ডিজিটাল প্ল্যাটফরম তিনি শিক্ষা ও একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন। তিনি আরও বলেন, শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো এবং নতুন প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা। শিক্ষা যদি প্রযুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত না হয়, তাহলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে এবং নানা ধরনের প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি তৈরি হবে। রিজভী বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের ডিজিটাল প্ল্যাটফরমে শুধু সংগঠন সম্পর্কিত তথ্যই থাকবে না; বিশ্বরাজনীতি, দেশীয় রাজনীতি এবং বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহের উত্থান-পতনের তথ্যও থাকবে।

এসব তথ্য রাজনীতির শিক্ষার্থী হিসেবে নিজেদের অভিজ্ঞতা ও রাজনৈতিক শিক্ষার মান বাড়াতে সহায়তা করবে।
অনুষ্ঠানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের নেতারা উপস্থিত ছিলেন।