ঘরোয়াতে ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ

ঘরোয়াতে ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ

ফন্ট সাইজ:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ওয়ার্কিং কমিটির সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল এই ঘোষণা দেন। জাতীয় ক্রিকেট লীগে ক্রিকেটারদের সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচের ফি ৭০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ ফি ৫০,০০০ টাকার বদলে ১,০০,০০০ টাকা এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০,০০০ টাকার বদলে ৮০,০০০ টাকা পাবেন ক্রিকেটাররা। নারী ক্রিকেটারদের তিন দিনের ম্যাচের ফি ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪০,০০০ টাকা করা হয়েছে। একদিনের ম্যাচে নারী ক্রিকেটারদের ফি ১৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা এবং টি-টোয়েন্টিতে ১০,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা করা হয়েছে। বিসিবি সভাপতি তামিম বলেন, ‘৭০,০০০ থেকে এখন থেকে ফার্স্ট ক্লাস ম্যাচে যেকোনো প্লেয়ার যখন খেলবে ১.৫ লাখ টাকা করে পাবে। ওয়ানডে ক্রিকেটে ৫০,০০০ টাকা ছিল ওটা ১ লাখ টাকা করে পাবে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০,০০০ টাকা করে ছিল ওটা ৮০,০০০ টাকা করে পাবে। এই সিদ্ধান্তের ফলে ক্রিকেটাররা মৌসুমে ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয় করতে পারবেন। মাসে প্রায় তিন লাখ টাকার মতো আয় করবে ক্রিকেটাররা। এতে করে ক্রিকেটারদের সংসার চলাতে কোনো ধরনের সমস্য হওয়ার কথা নয়।’

বিপিএল স্থগিত ও ফ্র্যাঞ্চাইজি ফ্রেমওয়ার্ক
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) স্থগিতের প্রেক্ষাপট ব্যাখ্যা করেছে বিসিবি। টুর্নামেন্ট বাতিলের বিষয়ে তামিম বলেন, ‘বিপিএল বন্ধ, বিপিএল বাদ না, বিপিএল আসলে স্থগিত করা হয়েছে।’ দুই থেকে তিন বছরে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি ছাড়া মাঠে নামা এবং হোটেল বিল বাকি রাখার নজির ছিল। খেলোয়াড় ও পরিবহনের পাওনা পরিশোধ না করায় জটিলতা তৈরি হয়েছিল। এই অনিয়মের পুনরাবৃত্তি ঠেকাতে সময় নিয়েছে বোর্ড। বিপিএলের পরিস্থিতি নিয়ে তামিম বলেন, ‘কন্ট্রাক্ট সাইন না করে টিমগুলা খেলে ফেলা, প্লেয়ার পেমেন্ট না দেওয়া, ট্রান্সপোর্ট পেমেন্ট না দেওয়া, হোটেল পেমেন্ট না দেওয়া।’ প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করতে রাজস্ব মডেল ও ফ্রেমওয়ার্ক তৈরির কাজ শুরু হয়েছে। ক্রিকেটারদের সুরক্ষায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাথে বৈঠক করেছে বোর্ড। ক্রিকেটারদের স্বার্থ নিশ্চিতের পাশাপাশি আম্পায়ার, স্কোরার, ট্রেইনার ও ফিজিওদের বেতন পর্যালোচনার উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুত সবার জন্য বেতন কাঠামো নির্ধারণ করবে রিভিউ কমিটি। বোর্ডের ভূমিকা নিয়ে তামিম বলেন, ‘আমরা এখানে কেবল ক্রিকেটারদের সেবা করার জন্যই আছি।’

ম্যাচ বৃদ্ধি ও অবকাঠামো
প্রথম শ্রেণি এবং লিস্ট ‘এ’ ম্যাচের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। টুর্নামেন্ট চালুর পরিকল্পনা ৮৫ শতাংশ শেষ হয়েছে। চলতি মাসের ২৫ থেকে ২৬ তারিখের মধ্যে এই টুর্নামেন্টের ঘোষণা আসবে। জাতীয় ক্রিকেট লীগের সেকেন্ড ইলেভেন চালুর মাধ্যমে স্কোয়াড থেকে বাদ পড়া ক্রিকেটারদের খেলার সুযোগ তৈরি হয়েছে। ক্রিকেটারদের সুযোগ বৃদ্ধি নিয়ে তামিম বলেন, ‘সেকেন্ড ইলেভেন করাতে কিন্তু নতুন ১৫০-২০০ জন ক্রিকেটার কিন্তু ইন্ট্রোডিউস হচ্ছে।’ মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের জন্য অবকাঠামো তৈরির কাজ চলছে। একাডেমি মাঠে বৃষ্টির দিনে দৌড়ানোর জন্য ট্র্যাক তৈরি করা হচ্ছে। তামিম বলেন, ‘আমাদের যে একাডেমি মাঠ আছে একাডেমি মাঠে আমরা ১১০ মিটারের একটা অ্যাথলেটিক ট্র্যাক করব। আগামী নভেম্বরের মধ্যে একাডেমি মাঠে জিমনেসিয়াম, সুইমিং পুল, রিকভারি সেন্টার এবং ১২টি সেন্টার উইকেট প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে বিসিবি। মাঠের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ফ্লাডলাইটের ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বোর্ড। একাডেমি ভবন সংস্কারের পাশাপাশি ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ বাড়াতে মাঠের কার্যক্রম দ্রুত সম্পন্ন করছে ক্রিকেট বোর্ড।’

ফিটনেস নীতি ও দুর্নীতি তদন্ত
সুযোগ এবং ম্যাচ ফি বাড়ানোর পর ক্রিকেটারদের মাঠে পেশাদারিত্ব প্রদর্শনের বার্তা দিয়েছে বিসিবি। প্রথম শ্রেণির ক্রিকেটে ফিটনেস টেস্ট পাস বাধ্যতামূলক করা হয়েছে। ফিটনেস টেস্ট প্রসঙ্গে তামিম বলেন, ‘ফিটনেস টেস্ট নিয়ে যখন কেউ ফিটনেস টেস্ট পাস না করে এটা নিয়ে রিকোয়েস্ট বা এগুলা কোনো কিছু শোনা হবে না।’ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ফিটনেস পরীক্ষায় কোনো অনুরোধ গ্রহণ করা হবে না। ক্রিকেটারদের ঘিরে দুর্নীতির তদন্ত প্রক্রিয়া ইনটিগ্রিটি ইউনিটের অধীনে চলছে। বিসিবি কেবল তাদের নিয়ম মেনে তথ্য প্রকাশ করেছে। তদন্ত কর্মকর্তা অ্যালেক্স মার্শাল ১০ তারিখে ঢাকায় এসে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। তদন্তে নাম আসা ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। তদন্ত প্রসঙ্গে তামিম বলেন, ‘অ্যালেক্স মার্শালকে যখন যুক্ত করা হয়েছে সেটি আমার ক্রিকেট বোর্ডের আন্ডারে হায়ার হয়নি। তদন্ত যখন চলছে এই তদন্ত আমরা অ্যাডহক কমিটি আসার আগে থেকে ও ওর মতো করে তদন্ত চলছে।’