আট মাস আগেই শুরু টিকিটের তোড়জোড়

বাংলাদেশের ঐতিহাসিক ইংল্যান্ড সফর

আট মাস আগেই শুরু টিকিটের তোড়জোড়

ফন্ট সাইজ:

১৭ বছরের দীর্ঘ অপেক্ষা ফুরোচ্ছে। ২০২৭ সালের মে মাসে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ঐতিহাসিক এই ম্যাচটিকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। তার রেশ ধরে ম্যাচের প্রায় আট মাস আগেই শুরু হয়ে গেছে টিকিট বিক্রির প্রক্রিয়া।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বুধবার তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানায়, ২০২৭ সালের গ্রীষ্মকালীন আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিটের জন্য পাবলিক ব্যালট উন্মুক্ত করা হয়েছে। আগামী ২৬শে অক্টোবর পর্যন্ত চলবে এই ব্যালটের আবেদন প্রক্রিয়া। সেখানে রয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের একমাত্র টেস্ট ম্যাচও। এরপর নভেম্বরের শুরুতে সফল আবেদনকারীদের ই-মেইলে ফল জানিয়ে দেয়া হবে। নির্বাচিতরা ১৭ই নভেম্বরের মধ্যে টিকিট নিশ্চিত করতে পারবেন। আর সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত টিকিট বিক্রি শুরু হবে আগামী ১০ই ডিসেম্বর।

ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের টেস্ট খেলার সুদীর্ঘ খরা কাটছে এই ম্যাচের মধ্য দিয়ে। টাইগাররা সবশেষ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলে ২০১০ সালে। এরপর ২০১৬ সালে বাংলাদেশে দুই ম্যাচের একটি লাল বলের সিরিজ অনুষ্ঠিত হয়, যা ১-১ সমতায় শেষ হয়।

লর্ডসের এই আঙিনায় বাংলাদেশের সোনালী এক স্মৃতি রয়েছে। ২০১০ সালের সেই সফরে লর্ডসেই টেস্ট ক্যারিয়ারের স্মরণীয় প্রথম সেঞ্চুরি হাঁকান তামিম ইকবাল। স্রেফ ৯৪ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে তিনি উপহার দেন এক অবিস্মরণীয় ইনিংস। কাকতালীয়ভাবে, সেই তামিম ইকবাল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। যদিও ম্যাচে ফলো-অনে পড়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে হেরে যায় সাকিব আল হাসানের দল। লর্ডসে সেই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০৫ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। জনাথন ট্রট একাই করেন ২২৬ রান। টাইগারদের হয়ে ৫ উইকেট নেন পেস তারকা শাহাদাত হোসেন। তবে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৮২ রানে অলআউট হলে তাদের ফলো-অনে পাঠায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে টাইগাররা করে ৩৮২ রান। এতে ১৬০ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। ফলে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।