চীনের বিপক্ষে ‘আন্ডারডগ’ বাংলাদেশ, চোখ বিশ্বকাপে

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি

চীনের বিপক্ষে ‘আন্ডারডগ’ বাংলাদেশ, চোখ বিশ্বকাপে

ফন্ট সাইজ:

চীনের মকিতে আজ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি টুর্নামেন্টের। এই মহাযজ্ঞে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী স্বাগতিক চীনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। এশিয়া কাপের এই মঞ্চ মাতিয়ে জুনিয়র হকি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট অর্জনই লাল-সবুজের প্রতিনিধিদের মূল লক্ষ্য। টুর্নামেন্ট শুরুর আগে চীনের কন্ডিশনের সঙ্গে দল পুরোপুরি মানিয়ে নিয়েছে এবং তাদের আনুষ্ঠানিক অনুশীলন সেশন শেষ করেছে।

টুর্নামেন্টে সেরা ছয়ে থাকতে পারলে অনূর্ধ্ব-২০ হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। দলের স্কোয়াড সম্পূর্ণ ফিট এবং চোটের কোনো সমস্যা নেই। জাপানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ পাওয়ায় ছেলেরা নিজেদের আরও শাণিত করে নিতে পেরেছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে শক্তির বিচারে স্বাগতিক চীনকে পরিষ্কার ফেভারিট ধরে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। কোচ ও অধিনায়কের কণ্ঠে ফুটে উঠেছে বাস্তবসম্মত এবং সুনির্দিষ্ট পরিকল্পনা। দলের উন্নতিতে সন্তুষ্ট বাংলাদেশ কোচ জাইলস বোনেট। চীন থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সবার টার্গেট একটাই-জিততে হবে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে হবে। চীনের সঙ্গে জিততে পারলে পরের ম্যাচগুলোতে সুবিধাজনক ও তুলনামূলক সহজ দল পাবো। কালকে জিতেই মাঠ ছাড়তে চাই আমরা।’

এই দক্ষিণ আফ্রিকান কোচ রাখঢাক না রেখেই স্বীকার করেছেন যে, র্যা ঙ্কিং ও শক্তির বিচারে তারা এই ম্যাচে পিছিয়ে থাক দল বা ‘আন্ডারডগ’। এশিয়ায় বাংলাদেশের বর্তমান র‌্যাঙ্কিং ৭ম। মালয়েশিয়া, পাকিস্তান ও চীনের মতো শক্তিশালী দলগুলোর পেছনে রয়েছে বাংলাদেশ। তাই রাতারাতি অলৌকিক কিছু প্রত্যাশা করা অবাস্তব বলেই মনে করছেন তিনি। বোনেট আরও বলেন, ‘অন্যান্য দলের তুলনায় আমাদের প্রস্তুতি একেবারেই ভিন্ন। চীন এসেছে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে, আর আমরা এসেছি কোয়ালিফাই করতে। স্বাভাবিক সমীকরণ অনুযায়ী চীনেরই জেতা উচিত। তবে আমরা নিজেদের দলগত কাঠামোর ওপর নির্ভর করে চীনের বিপক্ষে দীর্ঘ সময় লড়াই চালিয়ে যেতে চাই।’

বাংলাদেশ অধিনায়ক মাহমুদ হাসানের কন্ঠেও একই সুর। এশিয়া কাপ খেলেই জুনিয়র হকি বিশ্বকাপে কোয়ালিফাই করতে চান তারা বাংলাদেশ। মাহমুদ বলেন, ‘সবার টার্গেট একটাই, আমাদেরকে জিততে হবে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে হবে। এখন চায়নার সঙ্গে যদি আমরা জিততে পারি, দেখা যাবে যে আমাদের পরের ম্যাচগুলা একটু সুবিধা হবে। আমাদের কোয়ালিফাইং যে স্টেজটা পড়বে, সেটাতে একটু আমরা সহজ দল পাব। তো আমাদের সবার টার্গেট একটাই যে, আমরা কালকে জিতে বের হব।’

চীনের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচ নিয়ে নিজেদের প্রস্তুতি নিয়ে মাহমুদ আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম ম্যাচের প্রিপারেশন ভালো। আমরা জাপানের সঙ্গে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। সেখানে আমাদের ছেলেরা যারা আছে, তারা সবাই নিজেদেরকে আর একটু প্রস্তুত করে নিতে পারছে।’