সিরিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই

সিরিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ফন্ট সাইজ:

তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে ৩-০ গোলে হারলো বাংলাদেশ। এর আগে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ২-০ গোলে হেরে আসর শুরু করে জেরার্ড জোন্সের শিষ্যরা। টানা দুই হারে মূল পর্বে খেলার আশা শেষ লাল-সবুজের ছেলেদের। আগামী রোববার ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি এখন কেবলই নিয়মরক্ষার।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর ছড়ি ঘোরায় সিরিয়া। পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ বল নিজেদের দখলে রেখে বাংলাদেশের গোলমুখে ১৮টি শট নেয় তারা, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে, পুরো ম্যাচে মাত্র ৩টি শট নিতে পারে বাংলাদেশ, তবে একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। প্রথমার্ধের একটা বড় সময় গোলকিপার রাজ চৌধুরীর দারুণ কিছু সেভে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। খেলার প্রথমার্ধের শেষ মুহূর্তে মাত্র দুই মিনিটের ব্যবধানে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ৪৪তম মিনিটে সতীর্থের ব্যাক হিল পাস থেকে নিখুঁত শটে সিরিয়াকে এগিয়ে দেন বেলাল আল-মুসলি। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে বক্সের উপর থেকে করা শটে ব্যবধান দ্বিগুণ করেন মারিওস প্রাক্সিতেলেস। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় যুবারা। দ্বিতীয়ার্ধে খেলায় কিছুটা গতি ফেরানোর চেষ্টা করলেও সিরিয়ার রক্ষণভাগে ভীতি ছড়াতে ব্যর্থ হয় বাংলাদেশ আক্রমণভাগ। উল্টো ম্যাচের শেষ দিকে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সিরিয়ানরা।

৭৩ ও ৮৫ মিনিটে আমের আম্মার ও মামোরের প্রচেষ্টাগুলো রুখে দিয়ে ব্যবধান বাড়তে দেননি গোলকিপার রাজ চৌধুরী। তবে ৮৭ মিনিটে আর রক্ষা হয়নি। ফি-বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে আলনাজারের নেয়া মৃদু গতির শট রক্ষণভাগের চোখ ফাঁকি দিয়ে গড়িয়ে জালে জড়ায়। ফলে ৩-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সিরিয়া। এই হারের ফলে জুনিয়র কিংবা সিনিয়র-কোনো পর্যায়েই সিরিয়ার বিপক্ষে জয়ের খরা কাটলো না বাংলাদেশের। যুব ও জাতীয় দল মিলিয়ে সিরিয়ার বিপক্ষে খেলা ৭টি ম্যাচের সব কটিতেই হারলো বাংলাদেশ। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ দল আগামী বছর চীনের মূল পর্বে যাওয়ার টিকিট পাবে। এদিকে ২ ম্যাচ খেলে বাংলাদেশ এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। লাল-সবুজের ছেলেদের সামনে এখন কেবল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার অপেক্ষা।