মেসির জন্য এমএলএস দেখবেন মরিনহো

মেসির জন্য এমএলএস দেখবেন মরিনহো

ফন্ট সাইজ:

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেয়ার পর থেকেই বিশ্ব জুড়ে শুরু হয়েছে এক শূন্যতার অনুভূতি। আর এবার সেই শূন্যতার কথাই অকপটে স্বীকার করলেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। স্পেশাল ওয়ান খ্যাত কোচ বললেন, মেজর লীগ সকার (এমএলএস) তার পছন্দ নয় তবুও মেসির জন্য যুক্তরাষ্ট্রের এই ফুটবল আসর দেখবেন তিনি।

গতকাল লা লিগার ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের ৬৩ বছর বয়সী কোচ বলেন, এই আর্জেন্টাইন জাদুকরের ক্যারিয়ারের শেষ মুহূর্তগুলো উপভোগ করার জন্য তাকে বাধ্য হয়েই এমন এক প্রতিযোগিতা দেখতে হবে, যা তিনি সাধারণত পছন্দ করেন না- মেজর লীগ সকার (এমএলএস)। বার্সেলোনার সাবেক তারকা মেসিকে নিয়ে পর্তুগিজ কোচ মরিনহো বলেন, ‘মেসিকে নিয়ে কথা বলা সত্যিই কঠিন। এর চেয়ে বেশি কিছু বলার নেই এবং তার খেলোয়াড়ি গুণাবলী বর্ণনা করার মতো কোনো ভাষাও আজ আর অবশিষ্ট নেই।’

দুজনের এই সম্পর্কের ইতিহাস বেশ পুরোনো। ২০০৩ সালের ১৬ই নভেম্বর বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা কিশোর মেসির সঙ্গে মরিনহোর পরিচয় হয়। সেদিন পোর্তোর বিপক্ষে বার্সেলোনার হয়ে মেসির সেই অনানুষ্ঠানিক অভিষেক ম্যাচ থেকেই ফুটবল বিশ্ব এক নতুন যুগের সূচনা দেখে। সময়ের পরিক্রমায় দুই ২০১০-এ ফের দেখা হয় দুজনের। স্প্যানিশ লা লিগায় ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত প্রথম দফায় রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেন মরিনহো। তখন এই মেসিকেই আটকানোর ছক কষতে হতো মরিনহোকে।

দশম মিনিটে থামবে আর্জেন্টিনার সব খেলা, চলবে করতালি
আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর তাকে এক অভূতপূর্ব ও আবেগঘন শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দেশটির ঘরোয়া ফুটবলের সব বিভাগ ও ডিসিপ্লিনের আসন্ন ম্যাচগুলো সাক্ষী হবে অনন্য এক দৃশ্যের। ম্যাচের বয়স ১০ মিনিট হলে থেমে যাবে খেলা, পরের এক মিনিট ধরে চলবে করতালি। এভাবেই নিজেদের মহাতারকাকে সম্মান জানানোর বিশেষ পরিকল্পনা আর্জেন্টাইন অ্যাসোসিয়েশনের। এএফএ-এর ঘোষণায় জানানো হয়েছে, সপ্তাহের শেষে অনুষ্ঠিতব্য সব পুরুষ ও নারী বিভাগের ম্যাচে প্রথমার্ধের দশম মিনিটে খেলা এক মিনিটের জন্য থামিয়ে দেয়া হবে। পাশাপাশি যেসব স্টেডিয়ামে ভিডিও বোর্ড রয়েছে, সেখানে কিক-অফের আগে মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের বিশেষ ট্রিবিউট ভিডিও প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলের হারে বিশ্বকাপ শিরোপা খোয়ায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জার্সিতে সেটিই হয়ে থাকলো মেসির শেষ ম্যাচ। গত সোমবার ইনস্টাগ্রামে এক হাতে লেখা নোটের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। ২০০৫ সালে সিনিয়র দলে অভিষেকের পর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আকাশি-সাদা জার্সিতে রূপকথার জন্ম দেন তিনি। ১২৫ গোল নিয়ে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসিই। এছাড়া, রেকর্ড ৬টি বিশ্বকাপ খেলা এই মহাতারকা প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩৪টি ম্যাচ এবং ২৩টি জয়ের অনন্য রেকর্ডের মালিক। ২০১৪ সালের ফাইনালে আক্ষেপের পর ২০২২ সালে কাতার বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরে দেশের ৩৬ বছরের শিরোপা খরার অবসান ঘোচান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বিদায়ী বার্তায় মেসি লেখেন, ‘আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি। দেয়ার মতো আর কিছু বাকি নেই। এটি এমন এক সিদ্ধান্ত যা আমাকে ভীষণভাবে ব্যথিত করেছে। এবং এখনো ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে, তবুও আমি বুঝতে পেরেছি বিদায় নেয়ার সঠিক সময় এটিই।’