চলতি বছরের জুলাইয়ে পর্দা নেমেছে ফিফা বিশ্বকাপের। তবে ফুটবলপ্রেমীদের রোমাঞ্চ ফুরাচ্ছে না। আগামী নভেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে বসছে চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ: দ্য কালং ফুটবল সিরিজ’। আয়োজক ‘দ্য কালং গ্রুপ’ ও ‘ডেন্তসু স্পোর্টস ইন্টারন্যাশনাল’-এর ঘোষণা অনুযায়ী, ১৩ থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত চলবে এই হাইভোল্টেজ আসর। টুর্নামেন্টে স্বাগতিক সিঙ্গাপুরের সঙ্গে অংশ নিচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, এশিয়ার জায়ান্ট জাপান এবং প্যারাগুয়ে।
গত জুনে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ৩২-এর রোমাঞ্চকর লড়াইয়ে জাপানের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় ব্রাজিল। আসন্ন এই টুর্নামেন্টে সেই হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেয়ার ও প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে ব্লু সামুরাইরা। উদ্বোধনী দিনে আগামী ১৩ই নভেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে প্যারাগুয়ে।
১৪ই নভেম্বরের আকর্ষণীয় ম্যাচে একে অপরের সামনে দাঁড়াবে ব্রাজিল ও জাপান। ১৭ই নভেম্বর পর্দা নামবে টুর্নামেন্টের। শেষ দিনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে সিঙ্গাপুর। আর দিনের অপর হাইভোল্টেজ ম্যাচে বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৭ নম্বর দল জাপান লড়বে ৩৪তম স্থানে থাকা প্যারাগুয়ের বিপক্ষে, যারা গত বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে চমক দেখায়। এই টুর্নামেন্টের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ ডলার বা প্রায় সাড়ে ৩ হাজার টাকা। তবে ব্রাজিল-জাপান ম্যাচ এবং ১৭ই নভেম্বরের ডাবল-হেডার টিকিটের দাম শুরু হচ্ছে ৯৮ ডলার (প্রায় ১২ হাজার টাকা) থেকে।
