ফ্রান্সে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত পর্বে লড়ছেন বাংলাদেশের মোহাম্মদ আলী চৌধুরী। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠাতব্য বিশ্বের মর্যাদাপূর্ণ প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর চূড়ান্ত পর্বে লড়াই করতে যাচ্ছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অভিবাসী ও শেফ মোহাম্মদ আলী চৌধুরী।
এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত শীর্ষ শেফদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
প্রতিযোগিতার দ্বিতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্যারিসের কনকর্ড এলাকায় আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি উৎসবের অংশ হিসেবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, পাঁচ মহাদেশের প্রতিযোগীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে জায়গা পেয়েছেন ১৮ জন শেফ। প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশের মোহাম্মদ আলী চৌধুরীর লড়াই অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ওই সময় তিনি বাংলাদেশের পতাকা হাতে আন্তর্জাতিক বিচারকদের সামনে নিজের রান্নার দক্ষতা, সৃজনশীলতা ও উপস্থাপন তুলে ধরবেন।
চূড়ান্ত পর্যায়ের ১৮ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশ একমাত্র দক্ষিণ এশীয় প্রতিনিধি। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছেন ফ্রান্স, ক্যামেরুন, মেক্সিকো, বুলগেরিয়া, টোগো, জার্মানি, ব্রাজিল ও বেলজিয়ামের প্রতিনিধিরা।
