রোলার চালিয়ে ২ লাখ ফেনসিডিলের বোতল ধ্বংস করলেন শুভেন্দু

রোলার চালিয়ে ২ লাখ ফেনসিডিলের বোতল ধ্বংস করলেন শুভেন্দু

ফন্ট সাইজ:

বাংলাদেশে পাচারের আগেই বাজেয়াপ্ত করা প্রায় ২ লাখ নিষিদ্ধ ফেনসিডিলের বোতল রোড রোলার চালিয়ে ধ্বংস করেছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বালুরঘাট পুলিশ সুপারের দফতরের সামনে নিজেই রোড রোলার চালিয়ে ওই বিপুল পরিমাণ ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

ফেনসিডিলের বোতল ধ্বংসের মধ্য দিয়ে নেশামুক্ত ভারত এবং নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার বার্তাও জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গকেও নেশামুক্ত করা হবে। যেখানেই এমন ড্রাগ পাওয়া যাবে, তা ধ্বংস করা হবে। একইসঙ্গে নেশার কারবারের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। যারা এই কারবারের সঙ্গে যুক্ত থাকবে, তাদেরও বছরের পর বছর জেলে থাকতে হবে।

তিনি জানান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সীমান্ত পেরনোর আগেই পুলিশের অভিযানে সেই পাচার রুখে দেয়া সম্ভব হয়েছে। এ জন্য জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের ধন্যবাদ জানান তিনি। দক্ষিণ দিনাজপুরের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে গত কয়েক মাসে নেশাদ্রব্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তার দাবি, আগে পুলিশ ও বিএসএফের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব ছিল। কিন্তু গত চার মাসে দুই বাহিনী যৌথভাবে অভিযান চালিয়েছে। সেই অভিযানের ফলেই বিপুল পরিমাণ নেশাদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

শুভেন্দু অধিকারী আরও বলেন, আগামী দিনেও সীমান্ত এলাকায় নেশাদ্রব্য পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। এদিন বালুরঘাটে প্রশাসনিক সভাতেও যোগ দেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলা এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই ছিল তার প্রথম বালুরঘাট সফর।