টেলিভিশনের পর্দায় যাদের নিয়মিত দেখা যায়, তাদের দেখে হয়তো মনে হয় অভিনয় জগতে কাজের অভাব নেই। কিন্তু ক্যামেরার সামনে থাকা অভিনেতা-অভিনেত্রীদের জীবনের ছবিটা সব সময় এতটা সহজ নয়। দিনের পর দিন কাজের অপেক্ষায় থাকতে হয় অনেক শিল্পীকেই। এবার সেই কঠিন বাস্তবতার কথাই খোলাখুলি জানান অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্টে নিজের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছেন অভিনেত্রী। জানিয়েছেন, প্রায় দু’বছর হতে চললো তিনি মেগা সিরিয়াল থেকে দূরে। তবে এই বিরতি তার নিজের পছন্দে নয়। কাজ না থাকার কারণেই টেলিভিশন থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। অভিনয়ের ক্যারিয়ারের শুরু থেকেই একাধিক গুণী মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন আয়েশা। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে ইন্ডাস্ট্রির পরিস্থিতি। সেই বদলের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নতুন লড়াইয়ের মুখোমুখি অভিনেত্রী।
আয়েশা জানিয়েছেন, এখনো প্রতিদিন অপেক্ষা করেন কোনো ভালো কাজের ফোনের আশায়। ফোন আসে, ছবি চাওয়া হয়, কথাবার্তাও এগোয়। কিন্তু শেষ পর্যন্ত অনেক সময় কাজ আর হয় না। অভিনেত্রীর কথায়, এমনও হয়েছে যে তাকে জানানো হয়েছে, দু’দিন পর থেকেই শুটিং শুরু হবে। কিন্তু তার আগেই খবর এসেছে, নির্দিষ্ট চরিত্রটির জন্য তাকে আর উপযুক্ত মনে করা হচ্ছে না। ফলে কাজটি থেকে বাদ পড়েছেন তিনি। তবে পরিস্থিতির কাছে হার মানতে নারাজ অভিনেত্রী। বরং কাজের অভাবকেই নতুন কিছু করার প্রেরণা হিসেবে নিয়েছেন তিনি।
