এনজো ফার্নান্দেজ চেলসি ছাড়ছেন, গুঞ্জন ছিল। তবে ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার সময় পেরিয়ে গেলেও ঘোষণা আসছিল না। ভক্তদের মধ্যে এনজোকে নিয়ে বাড়ছিল জল্পনা। অবশেষে উইন্ডো বন্ধ হওয়ার আধ ঘণ্টা পর এলো আনুষ্ঠানিক ঘোষণা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এখন ম্যানচেস্টার সিটির। ট্রান্সফার ফির রেকর্ড গড়ে সিটিতে নাম লেখালেন এ আর্জন্টাইন মিডফিল্ডার। ২৫ বছর বয়সী তারকার সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তি ৫ বছরের। চুক্তির আর্থিক বিষয়াদি প্রকাশ না করা হলেও বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, সাড়ে ১২ কোটি পাউন্ডে (১৬ কোটি ৮ লাখ মার্কিন ডলার) হয়েছে এই দলবদল। বৃটিশ ট্রান্সফার ফির রেকর্ড স্পর্শ হয়েছে এতে। এবারের গ্রীষ্মকালীন দলবদলের দ্বিতীয়বারের মতো নিজেদের দলবদলের রেকর্ড ভেঙে দিলো সিটি।
ফার্নান্দেজ মঙ্গলবার চেলসিকে বিদায়ী বার্তা পোস্ট করার এক ঘণ্টা পর সিটি নিশ্চিত করে চুক্তিটি সম্পন্ন হয়েছে। নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত এই তারকা ক্লাবের ওয়েবসাইটে বলেন, এই ক্লাবে আরও ট্রফি আনতে তিনি বড় ভূমিকা রাখতে চান।
এনজো বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোয় ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার সিটি। প্রত্যেক ফুটবলারই এমন একটি ক্লাবের অংশ হতে চায়, কারণ সবাই জানে সিটি কতটা সুপরিচালিত। এখানে আসতে পেরেছি, এর চেয়ে বেশি খুশি আর হতে পারতাম না। সিটির শিরোপা জয়ের ধারা অব্যাহত রাখতে সাহায্য করার চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত। এই ক্লাবটি সাফল্যের জন্যই তৈরি হয়েছে।’
পেপ গার্দিওলা কোচের দায়িত্ব ছাড়ার পর নতুন কোচ এন্টো মারেস্কার তত্ত্বাবধানে বেশ ভাঙাগড়ার মধ্য দিয়ে যাচ্ছে সিটি। তবে দলের শক্তির গভীরতা আশান্বিত কছেন এনজোকে।
আর্জেন্টাইন তারকা বলেন, ‘পুরো স্কোয়াডের দিকে তাকালে দেখবেন, সিটির প্রতিটি বিভাগেই মানসম্পন্ন ফুটবলার রয়েছে। নতুন সতীর্থদের কাছ থেকে শিখতে এবং আরও ভালো খেলোয়াড় হতে চাই আমি। আমি সবসময়ই মাঠে আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করি এবং ম্যানচেস্টার সিটিকে প্রতিশ্রুতি দিচ্ছি যে, এখানে আসার পরও তা চালিয়ে যাবো।’
ফার্নান্দেজ শুরুতে আগ্রহী ছিলেন রিয়াল মাদ্রিদে যেতে। প্রকাশ্যে সেটি নিয়ে কথা বলায় তাকে স্কোয়াডের বাইরেও রাখা হয়েছিল। তবে মাদ্রিদ তাকে নিয়ে আগ্রহী হয়নি এবং এক পর্যায়ে গুঞ্জন এতটাই তীব্র হয় যে, ইউরোপের সফলতম ক্লাবটি বিবৃতি দিয়ে জানাতে বাধ্য হয় যে, এই মিডফিল্ডারকে দলে নেয়ার কোনো আলোচনাই হয়নি।
এরপর ফার্নান্দেজের জন্য সম্ভাব্য একমাত্র বিকল্প ছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লীগ মৌসুম শুরুর আগেই বিষয়টি চূড়ান্ত করার লক্ষ্যে, চেলসি প্রাথমিকভাবে আগ্রহী পক্ষগুলোকে তাদের আগ্রহ আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য ১৪ই আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। বিভিন্ন সূত্র অনাযায়ী, ১২ কোটি পাউন্ডের একটি প্রত্যাশিত মূল্য নির্ধারণ করেছিল ক্লাবটি এবং মে মাসের শেষের দিকে সমস্ত পক্ষকে তা জানিয়েছিল।
তবে কোনো রকম তৎপরতা ছাড়াই সেই সময়সীমা পার হয়ে যায়। ফার্নান্দেজ যদিও ক্লাব ছাড়ার দাবিতে অটল ছিলেন। প্রাক-মৌসুম ম্যাচগুলিতে তাকে দুয়ো দেন চেলসি সমর্থকেরা। অবশেষে গত ৪৮ ঘণ্টায় আলোচনা জোরদার হয় এবং চুক্তি সম্পন্ন হয়। প্রত্যাশিত মূল্যের চেয়ে ৫০ লাখ পাউন্ড পাউন্ড বেশি পায় চেলসি।
গত বছর নিউক্যাসল ইউনাইটেড থেকে সুইডিশ স্ট্রাইকার আলেকসান্দারকে ইসাককে আনতে যে খরচ হয়েছিল লিভারপুলের, এবার সেটি স্পর্শ করল ফার্নান্দেজের ট্রান্সফার ফি। এই গ্রীষ্মের শুরুতেই সিটি তাদের নিজেদের গড়া সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফারের রেকর্ড ভেঙেছিল, জুলাই মাসে যখন তারা ১১ কোটি ৬০ লাখ পাউন্ড পর্যন্ত ট্রান্সফার ফিতে ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে দলে নিয়েছিল।
২০২৩ সালের জানুয়ারিতে সেই সময়ের বৃটিশ রেকর্ড ১০ কোটি ৬৮ লাখ পাউন্ডে সাড়ে আট বছরের চুক্তিতে বেনফিকা থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন এনজো। গত মৌসুমে চেলসির কনফারেন্স লীগ ও ক্লাব বিশ্বকাপ জয়ে তার ছিল উল্লেখযোগ্য অবদান।
আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপের শিরোপাজয়ী ও ২০২৬ বিশ্বকাপে রানার্স আপ হওয়া এই তারকাই একমাত্র ফুটবলার, দুই দফায় যিনি ১০ কোটি পাউন্ডের বেশি অঙ্কে দলবদল করলেন।
