আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নিয়োগ করা হবে—এমন খবর সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে মালয়েশিয়া সরকার।
দেশটির ফ্রী মালয়েশিয়া টুডে, মালয়েশিয়া কিনি, নিউ স্ট্রেটস টাইমসসহ প্রায় সবকটি মিডিয়া জানিয়েছে, মালয়েশিয়ার সরকারের মুখপাত্র ও যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল বলেছেন, ‘এই ধরনের কোনো সিদ্ধান্ত মালয়েশিয়া গ্রহণ করেনি এবং বাংলাদেশ থেকে প্রচারিত এই দাবিটি ঢাকার আনুষ্ঠানিক কোনো অবস্থান নয়।’
আজ কুয়ালালামপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফাহমি এই কথা স্পষ্ট করেন।
যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে দেশটির মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মন্ত্রী তাকে নিশ্চিত করেছেন যে, সম্প্রতি একটি বিদেশি মিডিয়ায় প্রচারিত দুই লাখ কর্মী নিয়োগের বিষয়টি কোনো অফিসিয়াল সিদ্ধান্তের অংশ নয়। বাংলাদেশের একজন মন্ত্রী (প্রতিমন্ত্রী) এক সভায় এই বিষয়ে মন্তব্য করেছিলেন, যা বাংলাদেশ সরকারেরও কোনো গ্যাজেট বা চূড়ান্ত কূটনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে না।
