রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রমে বাধা নেই: বাণিজ্য মন্ত্রণালয়

রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রমে বাধা নেই: বাণিজ্য মন্ত্রণালয়

ফন্ট সাইজ:

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) স্বাভাবিক কার্যক্রমে বাধা নেই বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রিহ্যাবের সভাপতি মো. আলী আফজালের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক চিঠিতে আগের নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয় গত ৩০ জুলাই রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা ৩০ দিনের জন্য স্থগিত করেছিল। তবে সংগঠনটির স্বাভাবিক কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করা হয়নি।

রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ সদস্য ২৬ জুলাই বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক বরাবর আবেদন করেন। এতে বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি ও সিনিয়র সহসভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ ১২টি বিষয়ে অভিযোগ করা হয়।
অভিযোগের বিষয়ে ৩০শে জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে শুনানি করেন যুগ্ম সচিব মো. মোস্তফা জামাল হায়দার। শুনানি শেষে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ দিনের জন্য স্থগিত করা হয়।

এ ছাড়া সভায় রিহ্যাব সভাপতিকে ১৫ দিনের মধ্যে অভিযোগকারী ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনা করার পরামর্শ দেন যুগ্ম সচিব মো. মোস্তফা জামাল হায়দার। বাণিজ্য মন্ত্রণালয়ের এই নির্দেশনার পর গত ১লা আগস্ট র‌্যাডিসন হোটেলে রিহ্যাবের যে এজিএম হওয়ার কথা ছিল, তা হয়নি। এমনকি ১২-১৫শে আগস্ট অনুষ্ঠেয় গ্রীষ্মকালীন আবাসন মেলার আয়োজনও সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।

রিহ্যাব সভাপতি মো. আলী আফজাল ১৬ই আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা চেয়ে একটি চিঠি দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা, সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বাধা নেই।
রিহ্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যার বিষয়টি জানানো হয়। এতে রিহ্যাব সভাপতি আলী আফজালের একটি লিখিত বিবৃতিও দেয়া হয়। সভাপতি মনে করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এই স্পষ্টকরণের ফলে সংগঠনটির নিয়মিত কার্যক্রম নিয়ে সব ধরনের বিভ্রান্তির অবসান হবে।