জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মধ্যদিয়ে গানে পেশাগত যাত্রা শুরু তার। এরপর নিয়মিত অডিও ও সিনেমায় গান গেয়ে গেছেন। দেশ-বিদেশে স্টেজ শো করেছেন। অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। দেখতে দেখতে গানে দেড় যুগ পার করেছেন তিনি। গতকাল ছিল তার দেড় যুগে পা রাখার দিন। দিনটিতে যেন আবেগে ভেসেছেন তিনি। নিজের দেড় যুগের সংগীত জীবন নিয়ে পূজা বলেন, সুর আর স্বপ্নের সঙ্গে কেটে গেল জীবনের ১৮টি বসন্ত! ঠিক ১৮ বছর আগে আজকের (গতকালের) এই বিশেষ দিনেই ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’র প্ল্যাটফরম থেকে সুরের ভুবনে আমার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। সেদিনের সেই ছোট্ট একটা ইচ্ছা আর আবেগ আজ ১৮ বছরের এক বিশাল ও স্মরণীয় অভিজ্ঞতা।
পূজা বলেন, এই দীর্ঘ পথ পরিক্রমায় নানা চড়াই-উতরাই পেরিয়েছি, অসংখ্য গান গেয়েছি, দেশ-বিদেশের মঞ্চে দাঁড়িয়েছি, সাফল্য আর ব্যর্থতা দুটোকেই সঙ্গী করেছি। তবে সবকিছুর ঊর্ধ্বে আমার সবচেয়ে বড় অর্জন- আপনাদের এই ভালোবাসা ও বিশ্বাস। আমি কতোটা ভালো গাইতে পেরেছি জানি না, তবে প্রতিটা গান ও সুর আমি আমার আত্মনিবেদনের সবটুকু দিয়ে বাঁধার চেষ্টা করেছি। যারা তার সংগীত ক্যারিয়ারে পাশে থেকেছেন তাদের ধন্যবাদ জানিয়ে পূজা বলেন, যারা এতদিন আমার সুরের সঙ্গী ছিলেন, গান শুনেছেন, ভালোবেসে পাশে থেকেছেন কিংবা পরামর্শ ও গঠনমূলক সমালোচনা দিয়ে আমাকে সমৃদ্ধ করেছেন- আপনাদের সবার কাছে আমি ঋণী। এই ১৮ বছর পথচলার কোনো ইতি নয়, বরং এক নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার সূচনা। যতদিন নিঃশ্বাসে সুর আর গলায় কণ্ঠ থাকবে, আপনাদের এই ভালোবাসা সঙ্গে নিয়ে গেয়ে যেতে চাই।
