দীর্ঘ অভিনয়জীবন একজন শিল্পীকে এনে দেয় অর্থ, সম্মান আর খ্যাতি। মাঝে মধ্যে কেউ কেউ ব্যক্তিগত বিশ্বাস কিংবা ধর্মীয় কারণে অভিনয় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সিদ্ধান্তের সঙ্গে যখন নিজের অভিনয়জীবনকেই ‘ভুল’ বা ‘পাপ’ হিসেবে আখ্যা দেয়া হয়, তখন তা কষ্ট দেয় শিল্পাঙ্গনের সঙ্গে যুক্ত অন্যদেরও। এমনই এক ঘটনায় এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
সম্প্রতি ফেসবুকে দেয়া এক পোস্টে প্রভা লেখেন, একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন। তার মতে, অনেক শিল্পী এখনো অভিনয়কে ভালোবেসে কাজ করছেন এবং এটি তাদের আয়ের অন্যতম প্রধান উৎস। দিন-রাত তারা নিজেদের পেশা ও শিল্পচর্চাকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছেন। তাই কারও সাংস্কৃতিক কর্মকাণ্ড ভালো না লাগলে তিনি চাইলে অভিনয় ছেড়ে দিতে পারেন, কিন্তু সেই কারণে শিল্পাঙ্গনের অন্য কাউকে ছোট করার অধিকার কারও নেই বলেও মনে করেন প্রভা।
তিনি লিখেছেন- আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক। আমি চাই যারা আসবে, তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।
