সমালোচনার মুখে কারিনা কাপুর

সমালোচনার মুখে কারিনা কাপুর

ফন্ট সাইজ:

আসন্ন ছবি ‘দায়রা’র ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিনা কাপুর খান। অলিভ রঙের কোঅর্ড সেট, হিল জুতা, খোলা চুল, মানানসই প্রসাধনী- এমন সাজে ধরা দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে তার চেনা মুখভঙ্গিও ধরা পড়লো ক্যামেরায়। অনেকদিন পর তিনি ক্যামেরার সামনে এলেও ছবিশিকারিদের ওপর রেগে গিয়ে সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী। ছবির কলাকুশলীদের সঙ্গে ক্যামেরার সামনে ধরা দিচ্ছিলেন অভিনেত্রী। সেই সময় আলাদা আলাদা দিক থেকে ছবি তোলার জন্য ছবিশিকারিরা তাকে বারবার এক দিক থেকে অন্য দিকে যেতে বলছিলেন। বেশ কয়েকবার ডান দিকে, বাঁ দিকে যাওয়ার পর বিরক্ত কারিনা নিজের জুতার দিকে ইঙ্গিত করে ধমক দিয়েই বলেন, কখনো এ দিক, কখনো ও দিক! আমি তো হিল পরে আছি। চোখ বড় করে তিনি বুঝিয়ে দেন, হিল জুতা পরে তার হাঁটতে অসুবিধা হচ্ছে।

কারিনার এই কথোপকথনের ভিডিও দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটদুনিয়া জুড়ে শুরু হয় সমালোচনা। তার ধৈর্যশক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের মেজাজের সঙ্গে কারিনার তুলনা করেন। ছবিশিকারিদের সঙ্গে প্রায়ই কড়া ব্যবহারের জন্য পরিচিত জয়া। তাই পোস্টে একজন মন্তব্য করেন, জয়া বচ্চনের বোন। অন্য একজন লেখেন, আর এক জয়া বচ্চন তৈরি হচ্ছে। সম্প্রতি কারিনাকে ঘিরে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল সমাজমাধ্যমে। জিম থেকে বেরোনোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই এই জল্পনা শুরু হয়। যদিও অভিনেত্রীর সহযোগী দল সেই গুঞ্জন খারিজ করে দেয়।