মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় আকাশপথের চরম অস্থিতিশীলতার মধ্যে দুবাইয়ে আটকে পড়া ৩৯ জন পাইলট ও কেবিন ক্রুকে অত্যন্ত সাহসিকতার সঙ্গে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দীর্ঘ ৪৮ ঘণ্টারও বেশি সময় অনিশ্চয়তার মধ্যে থাকার পর একটি বিশেষ ফ্লাইটে তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে দুবাই থেকে ছেড়ে আসা এটিই ছিল একমাত্র বাংলাদেশি ফ্লাইট।
জানা গেছে, আকাশপথের সীমাবদ্ধতার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ (ফ্লাইট BS344) দুবাইয়ে অবস্থান করতে বাধ্য হয়। সে সময় দুবাই বিমানবন্দরের কার্যক্রম সীমিত থাকায় ৩৯ জন ক্রু সেখানে আটকা পড়েন। পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় ইউএস-বাংলার দুবাই স্টেশন ও ঢাকা প্রধান কার্যালয় দুবাই বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে একটি নিরাপদ করিডোর নিশ্চিত করার চেষ্টা চালায়।
অবশেষে স্বল্প সময়ের জন্য বিশেষ অনুমতি পাওয়া গেলে, সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় যাত্রীবিহীন ফ্লাইটে (BS344D) ৩৯ জন ক্রুকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। চ্যালেঞ্জিং এই ফ্লাইটের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন সামসুজ্জাহান এবং ফার্স্ট অফিসার শাহাদাত। তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতা প্রদর্শন করে সোমবার রাত ২টা ৩৬ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম (জনসংযোগ) জানিয়েছেন, প্রতিকূল ও অনিশ্চিত সময়েও যাত্রী, পাইলট ও ক্রুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সঠিক সমন্বয় ও অকুতোভয় দায়িত্ববোধের কারণেই এই উদ্ধার অভিযান সফল হয়েছে।
