ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়ার সাত মাস পর সেই যুবলীগ নেতা গাজী বোরহান উদ্দিন (৪৮) গ্রেপ্তার হয়েছেন। গত রোববার দিবাগত রাতে উপজেলার অরুয়াইল বাজার থেকে সাদা পোশাকধারী একদল লোক তাকে গ্রেপ্তার করেছেন। অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের বাসিন্দা ইউপি শাখা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আহ্বায়ক। এর আগে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বোরহান উদ্দিনকে ২০২৫ সালের ৪ঠা নভেম্বর অরুয়াইল বাজার থেকে গ্রেপ্তার করেছিল সরাইল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে রাখা হয়েছিল অরুয়াইল অস্থায়ী পুলিশ ফাঁড়িতে। কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ সদস্য বোরহানকে নিয়ে দু’টি সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল থানার দিকে রওনা দেন। কিছু দূর যাওয়ার পরই বোরহানের ছোট ভাই সাবেক ইউপি সদস্য গাজী বাহার উদ্দিনের নেতৃত্বে শতাধিক লোক আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ বোরহানকে ছিনিয়ে নেন।
পুলিশ সূত্র জানায়, ওই ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন বোরহান। গত কয়েক মাস ধরে বোরহান অরুয়াইল বাজারে প্রকাশ্যেই চলাফেরা করছিলেন। উপজেলা সদর থেকে দূরবর্তী ও হাওর এলাকা হওয়ায় পুলিশ অভিযান চালাতে পারেনি। গত রোববার রাতে অরুয়াইল পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন বোরহান। এ সময় ২০-২৫ জন সাদা পোশাকধারী পুলিশ অভিযান চালিয়ে বোরহানকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা বোরহানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের বলেন, বোরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে বিশেষ সতর্কতায় থানায় আনা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
