সদর দক্ষিণে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

সদর দক্ষিণে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

ফন্ট সাইজ:

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘নীতি-নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোনো শিক্ষা হতে পারে না। যে শিক্ষা একজন ভালো মানুষ তৈরি করতে পারে না, সে শিক্ষা দেশ ও জাতির কোনো উপকারে আসে না। তাই শুধু জিপিএ-৫ অর্জনই জীবনের সবকিছু নয়; ভালো মানুষ হওয়াই হোক শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, ‘যে সমাজে একজন শিক্ষিত মা থাকে, সে সমাজ একটি শিক্ষিত পরিবার পায়। আর যে সমাজে একজন শিক্ষিত স্ত্রী থাকে, সে সমাজ শিক্ষিত সন্তান পায়।’ তিনি বলেন, মেয়েরা এগিয়ে গেলে সমাজ এগিয়ে যাবে, আর ছেলেরা শিক্ষিত হলে দেশ ও জাতি এগিয়ে যাবে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে প্রতিযোগিতা আরও বাড়বে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। এ সময়ে টেকনিক্যাল শিক্ষার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে আগামী মাসে ‘কুমিল্লা কনসেপ্ট’ নামে শিক্ষা নীতি নিয়ে কুমিল্লায় একটি শিক্ষা সেমিনারের আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তোমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। যে যে বিষয়ে আগ্রহী, সেই ক্ষেত্রে নিজেকে গড়ে তোলো। সর্বোচ্চটা দিয়ে নিজের দক্ষতা বাড়াও। দেখবে, একসময় কর্মই তোমাকে খুঁজবে।’
নারী শিক্ষার প্রসঙ্গে মনিরুল হক চৌধুরী বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি প্রাথমিক থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নারীদের শিক্ষা ফ্রি করার উদ্যোগ নিয়েছিলেন এবং নারী শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে উপবৃত্তি ব্যবস্থা চালু করেছিলেন। একইসঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তনে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তারেক রহমানের হাতে যতদিন দেশ থাকবে, ততদিন এ দেশ পথ হারাবে না। তোমরা বিশ্বাস রাখো, মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের নিরাশ করবেন না।’
জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে তাইমিয়া স্কুলের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, শিক্ষা বোর্ড মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা।

অনুষ্ঠানে সদর দক্ষিণ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৩৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা, ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।