ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, খুব শিগগিরই দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় হাসপাতাল উন্নয়নের কাজ শুরু হবে। হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধিসহ আইসিইউ স্থাপন করা হবে। মঙ্গলবার বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমিরজং গজনবী স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন আমি ২০০১-০৬ পর্যন্ত সংসদ সদস্য থাকা অবস্থায় নদী ভাঙ্গন রোধে ব্লক স্থাপন শিক্ষা বিস্তারে স্কুল, কলেজ প্রতিষ্ঠাসহ স্বাস্থ্য সেবায় উন্নয়ন করেছি। এছাড়া রাস্তা-ঘাট, ব্রীজ, কালর্ভাট নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করেছি। সামনে আরো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব যাতে করে শিক্ষিত ছেলে-মেয়েদের বেকার থাকতে না হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান মিয়ার সভাপতিত্বে ও যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য-সচীব আবুহেনা রিয়াজ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সঞ্জিবব মৃধা প্রমুখ।
