রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত পৌনে ৮টার দিকে স্বামীবাগ মুন্সিরটেক জামে মসজিদের পাশের গলিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। গুলিবিদ্ধরা হলেন— পথচারী আশা আকতার (২০), পথচারী সিয়াম (১৮) ও চা বিক্রেতা আলমগীর (৩৩)। তাদের মধ্যে- সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে গেন্ডারিয়ার রেললাইন-সংলগ্ন করাতিটোলা এলাকা থেকে মো. রাকিব (২২), মো. বিল্লাল (২৫) ও মো. রিফাত (২১) নামের তিন তরুণকে মাদক বিক্রির সময় আটক করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে তাদের বিএনপি’র স্থানীয় কর্মী মো. মনির হোসেনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মারধর করা হয় বলে স্থানীয় সূত্রের দাবি। একপর্যায়ে পুলিশকে খবর দিয়ে ওই তিন তরুণকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুলিশ ওই তিন তরুণকে থানায় নিয়ে যাওয়ার সময় হামলার আশঙ্কা করছিল। এ কারণে স্থানীয় কয়েকজন তাদের সঙ্গে থানার দিকে রওনা হন। এর কিছুক্ষণ পর ২০ থেকে ২৫ জন তরুণের একটি দল ঘটনাস্থলে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এ সময় মনির হোসেনের কার্যালয় ও আশপাশের আরও পাঁচটি দোকানে ভাঙচুর চালানো হয়। হামলার সময় কয়েক দফা বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মুদি দোকানদার মো. ইদ্রিস জানান, তিনি কাস্টমারকে দিচ্ছিলেন। হঠাৎ গুলির আওয়াজ শুনে দ্রুত শাটার লাগিয়ে আমি বের হয়ে চলে যাই। হামলাকারীদের বেশির ভাগের হাতেই অস্ত্র ছিল।
আহত সিয়াম জানান, তিনি থাকেন যাত্রাবাড়ী এলাকায়। সেখানে একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে তার খালুর চায়ের দোকানে এসেছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের ভেতর থেকে সাটার বন্ধ করে দিচ্ছিলেন। তখনই তার ডান কাঁধে একটি গুলি এসে লাগে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, মাদকসহ ৩ জনকে আটক করায় এ হামলা চালায় আটককৃতদের সহযোগীরা। ঘটনাস্থল থেকে ২০টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।
