পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে রেকর্ড ১৫ কিলোগ্রাম সোনাসহ এক নারী আটক

ফন্ট সাইজ:

ভারত-বাংলাদেশ সীমান্তে দীর্ঘ সময় নজরদারি চালানোর ফলে পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে। উদ্ধার করা সোনার পরিমাণ ১৫ কিলো ৬০৭ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য ২৪ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার রুপি। পাচারকাজে জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে হওয়া বড় ধরনের সোনা উদ্ধার অভিযানের মধ্যে এটি অন্যতম।
নদীয়ার বানপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই সোনা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। 
বিএসএফ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা নজরদারি চালানোর সময় এক নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ওই সোনা উদ্ধার করা হয়েছে।

বিএসএফ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করছেন কীভাবে এই পরিমাণ সোনা সীমান্তে পৌঁছাল এবং কার এটি গ্রহণ করার কথা ছিল।

জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনায় জড়িত থাকতে পারে এমন অন্যান্য ব্যক্তি, সোনার উৎস এবং এটি কোথায় পাঠানোর কথা ছিল—তা শনাক্ত করার ওপরও জোর দেওয়া হচ্ছে। ভারত-বাংলাদেশ সীমান্তে সক্রিয় কোনো বড় পাচারকারী চক্রের সাথে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। উদ্ধার হওয়া সোনার বিপুল পরিমাণ দেখে বিএসএফ এটিকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে না দেখে বরং একটি বড় পাচারকারী চক্রের কর্মকাণ্ড হওয়ার সম্ভাবনার বিষয়টিও বিবেচনা করছে।