স্পেনে অগ্নিকাণ্ডে বাংলাদেশি যুবক নিহত

স্পেনে অগ্নিকাণ্ডে বাংলাদেশি যুবক নিহত

ফন্ট সাইজ:

স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি যুবক ইউসুফ হাসান আলিফ। গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ার পর ভেতর থেকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুর মাত্র তিনদিন আগে স্পেনে তাঁর কাজের অনুমতি এসেছিল বলে পরিবার ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সূত্র জানিয়েছে।

রোববার সন্ধ্যায় একটি ভবনের নিচে থাকা ওই গ্যারেজে আগুন লাগে। গ্যারেজটিতে বিভিন্ন স্টোররুম ও বিপুলসংখ্যক ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অল্প সময়ের মধ্যেই গ্যারেজের ভেতর ঘন ধোঁয়া ও প্রচণ্ড তাপে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
Emergencias Madrid-এর তথ্য অনুযায়ী, রাত ৮টার কিছু আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট। গ্যারেজের জটিল কাঠামো, প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে।

দীর্ঘ প্রচেষ্টার পর দমকল কর্মীরা গ্যারেজের ভেতরে প্রবেশ করে আগুনের উৎস শনাক্ত করেন। পরে সেখান থেকে এক যুবককে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছিল। ঘটনাস্থলে থাকা চিকিৎসকরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তাঁর শরীরে ধোঁয়াজনিত বিষক্রিয়া ও শ্বাসনালিতে পোড়ার লক্ষণ পাওয়া যায়।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য ও নিহতের পরিচিতদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত যুবকের নাম ইউসুফ হাসান আলিফ। তাঁর বাবার নাম আব্দুল মতালিব। তাঁর বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকায় বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আলিফ গত বছর জীবিকার সন্ধানে স্পেনে আসেন। সম্প্রতি তিনি নিয়মিতকরণের একটি নতুন প্রক্রিয়ায় আবেদন করেছিলেন। মৃত্যুর মাত্র তিন দিন আগে তাঁর কাজের অনুমতি আসে। নতুনভাবে কাজ শুরু করে ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু সেই নতুন জীবনের শুরুতেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি।