লিটন, তাসকিন মোস্তাফিজদের নিয়ে শক্তিশালী দল বাংলাদেশের

লিটন, তাসকিন মোস্তাফিজদের নিয়ে শক্তিশালী দল বাংলাদেশের

ফন্ট সাইজ:

এশিয়ান গেমসে শক্তিশালী দল পাঠানোর কথা আগেই জানিয়েছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ভারতের তারকাসমৃদ্ধ দল ঘোষণার পর বাংলাদেশের স্কোয়াড নিয়েও কৌতূহল ছিল। শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে শক্তিশালী দলই গড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে পদকের লক্ষ্যে লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি দলে রাখা হয়েছে একঝাঁক তরুণ প্রতিভাবান ক্রিকেটারকে।

এবারের আসরে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ১৪ সদস্যের দল। সরকারি জিও’র তালিকায় দেখা গেছে ব্যাটিং বিভাগে রয়েছেন লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী ও মোসাদ্দেক হোসেন সৈকত। অভিজ্ঞ লিটনের সঙ্গে তরুণ তানজিদ, ইমন ও হৃদয়ের উপস্থিতি বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে করবে আরও ভারসাম্যপূর্ণ। বোলিং বিভাগও শক্তিশালী। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাদের সঙ্গে রয়েছেন শরিফুল ইসলাম ও তরুণ পেসার নাহিদ রানা। বিশেষ করে নাহিদ রানার গতি এবং তাসকিন-মোস্তাফিজের অভিজ্ঞতা প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। স্পিন বিভাগে বাংলাদেশের ভরসা রিশাদ হোসেন, শেখ মেহেদী ও নাসুম আহমেদ। তিনজনের বৈচিত্র্যময় বোলিং এশিয়ান গেমসের কন্ডিশনে বাংলাদেশকে বাড়তি সুবিধা দিতে পারে। সবমিলিয়ে ব্যাটিং, পেস ও স্পিন—তিন বিভাগেই ভারসাম্যপূর্ণ দল গড়েছে বিসিবি। এই দলের সঙ্গে কোচ হিসেবে জাপান যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে এশিয়ান গেমসে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ভারত। মহাদেশীয় এই ক্রীড়াযজ্ঞে স্বর্ণপদকের লক্ষ্য নিয়ে তারকাসমৃদ্ধ দল ঘোষণা করেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দলটিতে রয়েছেন জসপ্রিত বুমরাহ, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও তিলক ভার্মার মতো তারকারা। ফলে এশিয়াডে সোনার পদকের লড়াইয়ে ভারতই হতে পারে বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। এশিয়ান গেমসের পুরুষ বিভাগে অংশ নেবে মোট ১০ দল। অন্যদিকে নারী বিভাগের লড়াই হবে ৮ দলের মধ্যে। ছেলেদের ক্রিকেটে সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়া চার দলের সঙ্গে যোগ দিতে প্রথম ধাপ পেরোতে হবে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমানকে। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে লড়বে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের সেরা দুটি করে দল নকআউট পর্বে উঠে বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা মাঠে গড়াবে ২৪শে সেপ্টেম্বর থেকে, যা চলবে ১লা অক্টোবর পর্যন্ত।

এশিয়ান গেমসের ক্রিকেটে এ পর্যন্ত পাঁচটি পদক জিতেছে বাংলাদেশ। এশিয়ান গেমসে প্রথমবার সোনার পদকটিও এসেছে ক্রিকেটে। ২০১০ সালে গুয়াংজু এশিয়াডে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। একই আসরে নারী দল জিতে রৌপ্যপদক। এরপর জার্কাতা মেয়েরা ও হাজুংতে পুরুষ ও নারী ক্রিকেট দল ব্রোঞ্জ জিতেছিল।

এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দল:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।