মুরগির মাংস বেশি খাওয়ায় বন্ধুকে হত্যা

মুরগির মাংস বেশি খাওয়ায় বন্ধুকে হত্যা

ফন্ট সাইজ:

পার্টিতে মুরগির মাংসের টুকরো বেশি খাওয়া নিয়ে বিতর্কের জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ভারতের কর্ণাটকের বেলাগাভি জেলার মুদালাগি তালুকের হুনাশ্যাল পিজি গ্রামে ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত যুবকের নাম সীতারাম। তিনি উত্তরপ্রদেশের পিলিভীত জেলার কবীরগঞ্জ গ্রামের বাসিন্দা। মুদালাগির প্রিয়া স্টিল কোম্পানিতে কাজ করতেন তিনি। একই প্রতিষ্ঠানে কাজ করতেন অভিযুক্ত অরুণ কুমারও। তিনিও কবীরগঞ্জ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সীতারাম ও অরুণ কুমার বন্ধু ছিলেন। ঘটনার দিন তারা একসঙ্গে পার্টি করছিলেন। একপর্যায়ে কে বেশি মুরগির মাংসের টুকরো খেয়েছেন, তা নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। কথা-কাটাকাটি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, একপর্যায়ে অরুণ কুমার একটি ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন। গুরুতর আহত সীতারামকে পরে অরুণ নিজেই গোকাক সরকারি হাসপাতালে নিয়ে যান।
তবে সেখানে অরুণ দাবি করেন, সীতারাম একটি ভবন থেকে পড়ে আহত হয়েছেন। ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর জন্যই তিনি এমন দাবি করেছিলেন বলে পুলিশের সন্দেহ হয়।

অরুণের দেয়া ব্যাখ্যায় সন্দেহ হওয়ায় পুলিশ হাসপাতালে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অরুণ সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে চিকিৎসাধীন অবস্থায় সীতারামের মৃত্যু হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।