একটি আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় রোগীকে সেবা পাওয়ার জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে—এটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহার করে আমাদের সেবাকে রোগীর সময়, মর্যাদা ও সুবিধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।’
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে জিয়াউদ্দিন হায়দার প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও ল্যাবরেটরির কার্যক্রম ঘুরে দেখেন, সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসক, কর্মকর্তা ও অন্যান্য কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ড. হায়দার অপেক্ষমাণ রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি জানতে পারেন, অনেক রোগী সকাল ৮টায় প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে, এমনকি ভোর ৫টা থেকেই লাইনে দাঁড়ান। দেশের দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ক্ষেত্রে এই ভোগান্তি আরও বেশি। দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা এবং সময় ও অর্থের অপচয় রোগী ও তাদের পরিবারের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে।
এই পরিস্থিতির দ্রুত পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে ড. হায়দার প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট ও সময়ভিত্তিক রোগী ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর উদ্যোগ নিতে বলেন। এর মাধ্যমে রোগীরা আগাম অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং নির্ধারিত সময়ে সেবা নিতে আসতে পারবেন। ফলে ভোর থেকে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না, রোগীর অপেক্ষার সময় কমবে এবং প্রতিষ্ঠানটির সেবাও আরও সুশৃঙ্খল ও রোগীবান্ধব হবে।
পরে ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একটি আলোচনা সভায় অংশ নেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। পরিদর্শনে তার সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের ড. রুই লিউ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ড. সানজান উপস্থিত ছিলেন।
