সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ডকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান প্রেসিডেন্টের

সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ডকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান প্রেসিডেন্টের

ফন্ট সাইজ:

সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের কাজের প্রশংসা করে বাহিনীকে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

সাক্ষাতে বিজিবি মহাপরিচালক প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান। এসময় তিনি বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বৃদ্ধিতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সন্নিবেশের উদ্যোগ সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন।

প্রেসিডেন্ট বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্ত সুরক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবি’র উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় প্রেসিডেন্টের সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।