বিলাওয়াল ভুট্টো জারদারির বিয়ে ইস্যুতে আবার তুমুল আলোচনা নেটদুনিয়ায়। নানা জল্পনা কল্পনা ঘুরছে মুখে মুখে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির সম্ভাব্য বিয়ে নিয়ে এই গুঞ্জন। তার ব্যক্তিগত জীবন নিয়ে এই আলোচনায় তিনি কি বিব্রত! বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে জিও নিউজ বলেছে, বিলাওয়ালের বিয়ের বিষয়ে আলোচনা ও তারিখ নির্ধারণ করতে তার পিতা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পরিবারের অন্য সদস্যদের নিয়ে লিশটেনস্টাইনে গেছেন। গুঞ্জন অনুযায়ী, এ বছরের শেষ দিকে বিলাওয়ালের বিয়ে হতে পারে। তার কথিত বাগদত্তা লিশটেনস্টাইনের রাজধানী ভাদুজের বাসিন্দা বলেও দাবি করা হচ্ছে।
তবে এসব খবর সরাসরি প্রত্যাখ্যান করেছে পিপিপি। বিলাওয়ালের মুখপাত্র ও করাচির মেয়র মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, পিপিপি চেয়ারম্যানের বাগদান বা বিয়ে নিয়ে প্রচারিত খবর ভুল ও ভিত্তিহীন। বিলাওয়াল কিংবা তার পরিবারের পক্ষ থেকেও এ পর্যন্ত বাগদান বা বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবি এখনো যাচাই করা যায়নি। লিশটেনস্টাইন পশ্চিম ইউরোপের একটি ছোট্ট সার্বভৌম রাষ্ট্র। দেশটি সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত। এর রাজধানী ভাদুজ দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। বিলাওয়াল অতীতেও বিয়ে নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। তবে সম্ভাব্য জীবনসঙ্গী বা বিয়ের তারিখ সম্পর্কে কখনো বিস্তারিত জানাননি।
২০২২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সময় এক সাংবাদিক বিলাওয়ালের কাছে তার বিয়ের পরিকল্পনা জানতে চান। হাসতে হাসতে তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, অবশ্যই, আমার বিয়ের পরিকল্পনা আছে। তবে কবে বিয়ে করবেন- এ প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর দেননি তিনি। এরও আগে ২০১৬ সালে বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে বিলাওয়াল বলেছিলেন, তার ভবিষ্যৎ স্ত্রীকে প্রথমে তার বোনদের মন জয় করতে হবে। তিনি তখন বলেছিলেন, সঠিক প্রার্থীকে প্রথমে আমার বোনদের মন জয় করতে হবে।
আমাকে তাদের আস্থায় নিতে হবে। আর আমার বোনদের মন জয় করা যেকোনো মেয়ের জন্য খুব কঠিন কাজ। তবে এবার লিশটেনস্টাইনে কথিত বিয়ের আয়োজন নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো আনুষ্ঠানিক ভিত্তি এখনো পাওয়া যায়নি।
