অস্ট্রেলিয়ার ডারউইনে টপ-এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেমিফাইনালে ১ উইকেটের নাটকীয় পরাজয়ে বিদায় নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। প্রাথমিক পর্বে ৬ ম্যাচের ৫টিতে জিতে শেষ চারে উঠলেও, ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমির বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বিদায় নিতে হলো ইরফান শুক্কুরের দলকে।
টসে হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনার পরও ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ এইচপি। ১ উইকেটে ৪৯ রান থেকে মাত্র ২১ রানের ব্যবধানে ৬টি উইকেট হারিয়ে ১০১ রানে অলআউট হয় দল। ১৭.১ ওভারে শেষ হয় এইচপির ইনিংস। অধিনায়ক ইরফান, সাব্বির রহমান ও শামীম হোসেনের মতো অভিজ্ঞদের ব্যর্থতার মাঝে আরিফুল ইসলাম (১৯) ও জিসান আলম (৩০) ছাড়া কেউই দাঁড়াতে পারেননি।
সামান্য ১০১ রানের পুঁজি নিয়েও ম্যাচ শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যান বোলাররা। জাদুকরি বোলিংয়ে ১৫ রানে ৩ উইকেট নেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল। টুর্নামেন্টজুড়ে বিধ্বংসী ফর্মে থাকা রুবেল ৭ ম্যাচে গড়ে ৫.৮২ ইকোনমিতে রেকর্ড ২৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হন (দ্বিতীয় সর্বোচ্চের চেয়ে ১০টি বেশি)। বাঁহাতি স্পিনার রকিবুল ৯ ও পেসার রিপন মণ্ডল ৮ উইকেট নেন।
শেষ ওভারে জয়ের জন্য ভিক্টোরিয়ার প্রয়োজন ছিল ১ রান, হাতে ছিল ২ উইকেট। প্রথম বলেই টড মার্ফি রান আউট হলে সুপার ওভারের আশা জাগে। তবে চতুর্থ বলে লিয়াম ব্ল্যাকফোর্ড বাউন্ডারি মেরে ভিক্টোরিয়াকে ফাইনালে তোলেন।
পুরো টুর্নামেন্টে ব্যাটারদের মধ্যে আরিফুল ইসলাম ৭ ম্যাচে ২১৯ রান করে সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে শেষ করেন। সাব্বির রহমান করেন ১৮৪ রান।
