ফুটবল জাদুকর লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে হওয়া বিরাট বিশৃঙ্খলার ঘটনায় অবশেষে ক্ষতিগ্রস্ত ফুটবলপ্রেমীদের পাশে দাঁড়ানোর বড় ঘোষণা এলো। যুবভারতী স্টেডিয়ামে হওয়া সেই হওয়া সেই বিশৃঙ্খলার জেরে টিকিট কেটেও যাদের মন খারাপ হয়েছিল, সেই ৩৩ হাজার ভক্তের টিকিটের পুরো অর্থ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতের জাতীয় ক্রীড়া দিবসের বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
২০২৫ সালের ১৩ই ডিসেম্বর কলকাতায় মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলের ‘গোট ইন্ডিয়া ট্যুর’ এক বিশৃঙ্খল রূপ নেয়। তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অব্যবস্থাপনার কারণে চরম ক্ষুব্ধ হন দর্শকরা। ৪,০০০ ও ৬,০০০ টাকার টিকিট কেটেও স্টেডিয়ামে গিয়ে চরম ভোগান্তির শিকার হওয়া ভক্তরা টিকিটের দাম ফেরতের দাবি জানালেও এতদিন তা অমীমাংসিত ছিল।
ভারতের হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘মেসির বিশাল অনুরাগী সমাজ রয়েছে। তারা ৪,০০০ ও ৬,০০০ টাকা খরচ করে টিকিট কেটেছিলেন। এই ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর দেয়া অর্থ ফিরিয়ে দেয়া আমার একান্ত ইচ্ছা। আমি ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, এটি সফলভাবে সম্পন্ন করতে পারব।’
মেসির সফরে ঐতিহাসিক সেই বিশৃঙ্খলার জেরে পরে সাবেক ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয়। সেইসঙ্গে বিধাননগরের ডিসি অনীশ কুমারকে বরখাস্ত করা হয়। অব্যবস্থাপনার অভিযোগে আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। টানা ৩৮ দিন কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে শতদ্রু তৎকালীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তার দাবি, সেদিন আয়োজকেরা নয়, বরং তৎকালীন ক্রীড়ামন্ত্রী ও শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারাই সরাসরি ওই বিপর্যয়ের জন্য দায়ী ছিলেন। সরকারের অব্যবস্থাপনার দায় শতদ্রু সম্পূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক কর্তাদের কাঁধেই চাপান।
