বসুন্ধরা কিংসের ডেরায় ভুটানের ‘রোনালদো’

শঙ্কা কাটেনি ফকিরেরপুলের

বসুন্ধরা কিংসের ডেরায় ভুটানের ‘রোনালদো’

ফন্ট সাইজ:

নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ফুটবলে ফেরার খবর দিলো বসুন্ধরা কিংস। নতুন মৌসুমকে সামনে রেখে ভুটানের ফরোয়ার্ড চেনচো জিয়েলশেনকে দলে টেনেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ‘ভুটানের রোনালদো’ খ্যাত এই ফরোয়ার্ডকে চুক্তিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। এদিকে, গত আসরে রেলিগেটেড বা অবনমিত হওয়া ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাব এখনো ফিফার একটি নিষেধাজ্ঞা কাটাতে পারেনি। ১লা সেপ্টেম্বরের মধ্যে যদি তারা এই জটিলতা নিরসন করতে পারে, তবে ২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া লীগ ১৩ দল নিয়ে হওয়ার সম্ভাবণা রয়েছে।

লম্বা সময় ফিফার নিষেধাজ্ঞায় ছিল কিংস। নির্ধারিত সময়ে ক্লাব লাইসেন্সিং করতে পারেনি তারা। কিংসের ওপর সব মিলিয়ে ফিফার ১৪টি নিষেধাজ্ঞা আরোপিত ছিল। এর মধ্যে ১১টি ঝামেলা আগেই মিটিয়ে ফেলেছিল ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব লাইসেন্সিংয়ের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ করে সময়সীমা বাড়ায় ক্লাবটি। এরমধ্যে গত শুক্রবার ঝুলে থাকা তিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ফিফা। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ক্লাব লাইসেন্সিংয়ের জন্য তাদের কোনো বাধা নেই। এরপরই তড়িঘড়ি করে ঘর গোছানোর কাজে লেগে পড়েছে কিংস। নতুন মৌসুমের জন্য চেনচোকে দলে ভিড়িয়েছে তারা। ২০১৬ সালে চট্টগ্রাম আবাহনীতে খেলেছিলেন ভুটান জাতীয় দলের হয়ে ৭নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড। ওই বার ক্লাবটির হয়ে ৭ ম্যাচে করেন ৫ গোল। দক্ষিণ এশিয়ার ফুটবলে চেনচো জিয়েলশেন অত্যন্ত পরিচিত এক নাম। ভুটান জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা এর আগে ভারতের শীর্ষ লীগে একাধিক ক্লাবে খেলেছেন। জাতীয় দলের জার্সিতে তার অভিষেক ২০১১ সালে। এরপর ৪৯ ম্যাচে করেছেন ১৫ গোল। নেপাল জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার রোহিত চাঁদকেও দলে ভিড়িয়েছে পাঁচবারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। একই দিনে নেপালি উইঙ্গার মানিশ দাঙ্গি, অঞ্জন বিস্তার সঙ্গে চুক্তি করে কিংস। সাফ অঞ্চলের এই চার ফুটবলার ‘দেশি’ কোটায় খেলবেন। দেশি খেলোয়াড়দের মধ্যে গতকাল কাজেম শাহের সঙ্গে চুক্তি করে কিংস।

বাংলাদেশ পুলিশ এফসির হয়ে খেলার পর গত মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে খেলেন জাতীয় দলের এই মিডফিল্ডার। নতুন মৌসুমে তার গন্তব্য হলো লাল-সাদা শিবিরে। কিংসের আগে আরেক ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড নিজেদের ওপর থাকা নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদল সেরে নেয়। নাইজেরিয়ার জার্সিতে ২০১৪ বিশ্বকাপ মাতানো তারকা ফুটবলারসহ এরই মধ্যে চারজন বিদেশিকে ডেরায় ভেড়ায় আকাশি-নীল শিবির। সেই সঙ্গে শেখ মোরসালিন, মিরাজুল ইসলাম ও আল আমিনদের মতো প্রতিভাবান দেশি তারকাদের ধরে রেখে শক্তিশালী দল গড়েছে ধানমন্ডির ক্লাবটি। মোহামেডান স্পোর্টিং ক্লাব ঘর গুছিয়েছে আগেভাগে। গত মৌসুমে কিংসের হয়ে খেলা আট ফুটবলারকে দলে টেনেছে সাদা-কালোরা। তারা হলেন-গোলরক্ষক আনিসুর রহমান জিকু, ডিফেন্ডার সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা, মুজিবুর রহমান জনি, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, ডিফেন্সিভ মিডফিল্ডার রিমন হোসেন, (মিডফিল্ডার) শাহরিয়ার ইমন (ফরোয়ার্ড) ও বিদেশি ফরোয়ার্ড ইমানুয়েল সানডে।