‘জোড়াতালির’ বিপিএল স্থগিতে একমত তিন ফ্র্যাঞ্চাইজি

ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক আজ

‘জোড়াতালির’ বিপিএল স্থগিতে একমত তিন ফ্র্যাঞ্চাইজি

ফন্ট সাইজ:

বৃটিশ ম্যাগাজিন দ্য ক্রিকেটার্সের মূল্যায়নে বিশ্বের শীর্ষ দশ ফ্র্যাঞ্চাইজি লীগের মধ্যে তলানীতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। প্রতিবেদনে বিপিএল তলানীতে থাকার পেছনে লীগের অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবকে দায়ী করা হয়। সেই কলঙ্ক মুছতে জোড়াতালি দিয়ে বিপিএল করতে চায়না তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু নতুন করে গুছিয়ে তবেই বিপিএল ফেরানোর পরিকল্পনা বোর্ডের। আর সেই সিদ্ধান্তে একমত লীগের তিন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল ইস্যুতে আজ ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সঙ্গে বৈঠক করবেন বিসিবি সভাপতি।

বৈঠকে বিপিএলের ভবিষ্যৎ মডেল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। গত কয়েক বছরে বিপিএল নিয়ে কম সমালোচনা হয়নি। সংবাদ মাধ্যমে নেতিবাচক শিরোনামের বিষয়বস্তু হয় দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটি। ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়া, শেষ মুহূর্তে ফ্র্যাঞ্চাইজির দল ছেড়ে দেয়া, কখনো ফিক্সিং ইস্যুতে বিপিএলের নাম উঠে আসে। বিপিএলের শেষ তিন আসরে লাভের মুখ দেখেনি বিসিবি। উল্টো ৪০ কোটি টাকা লোকসান গুনেছে। সবকিছু বিবেচনা করে এবছর বিপিএল আয়োজনে অনিচ্ছুক বোর্ড। এ নিয়ে গতকাল বিপিএলের তিন ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেন সভাপতি তামিম ইকবাল। বৈঠকে বিপিএলের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, ‘বিসিবির যে ভাবনা... এখন বিসিবি একটা ছোট ব্রেক নিয়েছে যেন পুরো টুর্নামেন্টটা আরও সুন্দর মতো, আরও সাসটেইনেবল মডেলে করা যায়। আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। আমরা যে তিনটা ফ্র্যাঞ্চাইজি ছিলাম, রাজশাহীর একটা শব্দ আমার কাছে খুব ভালো লেগেছে যে, সংস্কার। বিপিএলটার সংস্কার প্রয়োজন। আমরা গত ১০ বছর ধরে আছি কিন্তু আমাদের কোনো কনস্ট্রাকটিভ আইডিয়া নেই, সাসটেইনেবল কোনো মডেল নেই।

এই মডেলগুলোকে যদি আমরা দুই পক্ষ বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো একসঙ্গে ডেভেলপ করতে পারি, দীর্ঘ মেয়াদে বিপিএলের জন্য অনেক ভালো হবে।’ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে বিদেশি তারকা ক্রিকেটার সংগ্রহে ভোগান্তি পোহাতে হয় ফ্র্যাঞ্চাইজিদের। নির্দিষ্ট উইন্ডো না থাকায় আগেভাগে ক্রিকেটারদের সঙ্গে চুক্তির সুযোগ থাকে না। এই সমস্যা সমাধানে ভবিষ্যতে বিপিএল আয়োজনের আগে অন্তত পাঁচ বছরের স্থায়ী সূচি চেয়েছে রংপুর রাইডার্স। তিনি বলেন, ‘সূচি থেকে শুরু করে মডেলটা কেমন হবে, কোন সময়ে হবে। পরবর্তীতে যখনই বিপিএল হবে, সেখান থেকে একটা ৫ বছরের ক্যালেন্ডার আমরা চেয়েছি। কারণ আমরা যখন ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে যাই, আন্তর্জাতিক বাজারে ন্যূনতম ২০টা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চলে। এখানে আমাদের বিপিএল সবচেয়ে কম গুরুত্ব পায়, যখন টপ ক্লাস ক্রিকেটার আনতে চাই। এই জায়গায় আমরা সূচিটা ৫ বছরের জন্য দেয়ার কথা বলেছি।’

বৈঠকের পর ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ বলেন, ‘বিসিবি বলেছে বিপিএলের নতুন মডেল তৈরি করে কমপক্ষে চার পাঁচ মাস আমাদের সময় দেয়া হবে। যাতে করে আমরা উনাদের ক্রাইটেরিয়া ফুল ফিল করতে পারি। শেষ দুই বছরে যেভাবে বিপিএল হয়েছে এবারও সেভাবে হলে আমরা থাকবো না। বিপিএলে নতুন মডেল এলে আমরা থাকতে চাইবো।’ গতবারের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের সিইও মোকছেদুল কামাল বাবু বৈঠক শেষে বলেন, ‘অবশ্যই আমরা মাঠে বিপিএল চাই। লিগের ধারাবাহিকতা থাকা দরকার। তবে যে সমস্যাগুলো ছিল, সেগুলোর সমাধান করাও দরকার। একটা ভালো মডেল তৈরি করা দরকার। যাতে করে, বিসিবি-ফ্র্যাঞ্চাইজি-খেলোয়াড় সবার যেন লাভ হয়।’