ভিক্টোরিয়ার মুখোমুখি বাংলাদেশ এইচপি

টপ এন্ড টি-টোয়েন্টি’র সেমিফাইনাল আজ

ভিক্টোরিয়ার মুখোমুখি বাংলাদেশ এইচপি

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় সেমিফাইনালে আজ ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি দল। দু’দলের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল শুরু সকাল ৬টায়। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করে ইরফান শুক্কুরের দল। সমান পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে থেকে সেমিফাইনাল খেলবে অ্যাডিলেড স্টাইকার্স একাডেমি। গ্রুপ পর্বে ভিক্টোরিয়া একাডেমিকে হারানোর স্মৃতি নিয়ে সেমিফাইনালে খেলতে নামবে বাংলাদেশ এইচপি দল। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে এই ভিক্টোরিয়াকে ৫ উইকেটে হারান সাব্বির-শামিমরা। আগে ব্যাট করে ১৩১ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। জবাব দিতে নেমে ১৬ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ এইচপি।

৩৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারি। এবারের টুর্নামেন্টে বল হাতে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেল। গ্রুপ পর্বে ৬ ম্যাচ নিয়েছেন ২০ উইকেট। সেমিফাইনালের আগপর্যন্ত টুর্নামেন্টের শীর্ষ বোলার তিনি। ইকোনোমি সাতের কম, গড় ৭.৪০। ব্যাটারদের মধ্যে আরিফুল ইসলাস ও জাতীয় দলে খেলা সাব্বির রহমান রুম্মন ছন্দে রয়েছেন। আরিফুল ৬ ম্যাচে করেছেন ২০০ রান। সাব্বিরের ব্যাট থেকে এসেছে ১৭৯ রান। সেমিফাইনালে ভিক্টোরিয়ার বিপক্ষে তুরুপের তাস হতে পারেন দু’জন। এখন পর্যন্ত টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের চার মৌসুম শেষ হয়েছে। পঞ্চম মৌসুমে খেলার আগে দুইবার এ টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ এইচপি দল। ২০২৪ সালে অ্যাডিলেট স্ট্রাইকার্সের কাছে ৩২ রানে হেরে রানার্সআপ হয় লাল-সবুজ প্রতিনিধিরা। ২০২৫ সালে ১১ দলের মধ্যে নবম হয়ে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ এইচপি দল।