ভুটানকে হারিয়ে প্রস্তুতি সারলেন শিমু-আলিফরা

ফন্ট সাইজ:

চেনা আঙিনায় ‘ভুটান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ আরচারি’ টুর্নামেন্টে দাপট দেখালেন রামকৃষ্ণ-আলিফ-শিমুরা। সেই সঙ্গে এশিয়ান গেমসের জন্য জাপানে যাওয়ার আগে ঠিকঠাক প্রস্তুতি সেরে নিলো লাল-সবুজ আরচাররা। টঙ্গীর আরচারি ট্রেনিং একাডেমিতে গতকাল ভুটানের প্রতিযোগীদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে বেশিরভাগ ইভেন্টের স্বর্ণপদক নিজেদের করে নেন বাংলাদেশের আরচাররা। প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেন ওয়ার্ল্ড আরচারি এশিয়া ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

রিকার্ভ পুরুষ এককে স্বর্ণ জেতেন বাংলাদেশের রাম কৃষ্ণ সাহা, রৌপ্য পান আব্দুর রহমান আলিফ এবং মিশাদ প্রধান ব্রোঞ্জ লাভ করেন। ফলে এই ইভেন্টের পুরো পোডিয়াম দখলে নেয় বাংলাদেশ। রিকার্ভ নারী এককেও একই চিত্র। স্বর্ণ জেতেন সাইমা সালাহ উদ্দিন, রৌপ্য পান মোসা. মনিরা আক্তার এবং ব্রোঞ্জ উঠে শিমা আক্তার শিমুর হাতে। কম্পাউন্ড পুরুষ এককে স্বর্ণ জেতেন হিমু বাছাড়। রৌপ্য মো. তরিকুল ইসলাম তাওহীদ। এই ইভেন্টে ব্রোঞ্জ পদকটি উঠে ভুটানের সেতুম গেইটশেদের হাতে। কম্পাউন্ড নারী এককেও বাংলাদেশের একক দাপট। স্বর্ণ জেতেন পুষ্পিতা জামান। রৌপ্য মোসা. কুলসুম আক্তার মনির এবং ব্রোঞ্জ পান বন্যা আক্তার। মিশ্র দ্বৈত ইভেন্টেও উজ্জ্বল বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দ্বৈতে আব্দুর রহমান আলিফ ও শিমা আক্তার শিমু জুটি স্বর্ণ জেতেন। রৌপ্য পান রাম কৃষ্ণ সাহা ও সাইমা সালাহ উদ্দিন জুটি। এই ইভেন্টের ব্রোঞ্জ অবশ্য গেছে ভুটানের কিনলে তাহেরিং ও বাংলাদেশের সোনালী রায়ের মিলিত জুটির কাছে। কম্পাউন্ড মিশ্র দ্বৈতে স্বর্ণ জেতেন বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব ও পুষ্পিতা জামান জুটি, ব্রোঞ্জ জেতেন বাংলাদেশেরই ঐশ্বর্য রহমান ও বন্যা আক্তার জুটি। এই ইভেন্টে রৌপ্য পান ভুটানের টান্ডিন দর্জি ও সোনাম দেমা জুটি।

দলগত ইভেন্টেও পুরোদমে দাপট দেখিয়েছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রাম কৃষ্ণ সাহা, মো. রাকিব মিয়া ও আব্দুর রহমান আলিফের সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল স্বর্ণ জেতে। রিকার্ভ নারী দলগত ইভেন্টে সাইমা সালাহ উদ্দিন, মোসা. মনিরা আক্তার ও শিমা আক্তার শিমুর দলও স্বর্ণ পদক পান। একই ইভন্টের রৌপ্যও পান বাংলাদেশের সোনালী রায়, নাসরিন আক্তার ও আরোভি আফরোজ। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবের বাংলাদেশ দল স্বর্ণ জেতেন। রৌপ্য পায় ভুটান দল। কম্পাউন্ড নারী দলগত ইভেন্টেও স্বর্ণ বাংলাদেশের। মোসা. কুলসুম আক্তার মনি, বন্যা আক্তার ও পুষ্পিতা জামানের দল সেই সাফল্য এনে দেন।