আন্তর্জাতিক ক্রিকেটের রেকর্ড বইয়ে নতুন ইতিহাস লিখলেন ৫১ বছর বয়সী জোয়ান হিকস। পুরুষ ও নারী উভয় বিভাগ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেয়া বোলার হওয়ার বিরল কীর্তি গড়লেন আইল অব ম্যানের এই অফ স্পিনার। রোমানিয়ায় উইমেন্স কন্টিনেন্টাল কাপে গ্রিসের বিপক্ষে চার ওভারে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। এর সুবাদে ৯ উইকেটের সহজ জয় পায় আইল অব ম্যান। ১৯৭৫ সালের ৯ মার্চ জন্ম নেয়া হিকসের ম্যাচের দিন বয়স ছিল ৫১ বছর ১৭ দিন। এর মাধ্যমেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ বছর পার করার পর প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার অবিস্মরণীয় রেকর্ড গড়েন। হিকসের দুর্দান্ত ঘূর্নিতে মাত্র ৫২ রানে গুটিয়ে যায় গ্রিস দল। জবাবে স্রেফ ৬ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আইল অব ম্যান। চমৎকার বোলিং পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জেতেন হিকস।
এই অর্জনের ফলে ৯৪ বছর ধরে টিকে থাকা একটি রেকর্ড ভেঙে গেছে। ১৯৩২ সালে অস্ট্রেলিয়ার বার্ট আয়রনমঙ্গার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্নে ৪৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেট নিয়ে সবচেয়ে বয়স্ক বোলারের রেকর্ড গলেন। প্রায় এক শতক পর সেই রেকর্ড নিজের করে নিলেন হিকস। অবশ্য এটিই তার ক্যারিয়ারের প্রথম ফাইফার নয়। এর আগে ২০২৪ সালের আগস্টেও মাল্টা ও গ্রিসের বিপক্ষে দুবার ৫ উইকেট নেয়ার নজির গড়েন তিনি। ৪৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা এই অফ স্পিনার এবার অনন্য এক উচ্চতায় পৌঁছে গেছেন।
