ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধ হলেও আপাতত আশঙ্কার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হলেও আজ পর্যন্ত বাংলাদেশের আশঙ্কার কিছু নেই। দুই-চারদিনের মধ্যে এই সংঘাতের সমাধান ঘটলে জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে বাংলাদেশের চিন্তার কোনো কারণ নেই বলে জানান তিনি। সোমবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আজকের দিনে, এই মুহূর্তে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা একটু দেখি, পরিস্থিতি কোনদিকে যায়।’

তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হলে জাহাজগুলোকে আফ্রিকার উত্তমাশা অন্তরীণ ঘুরে আসতে হয়। সেক্ষেত্রে জাহাজ ভাড়া বেড়ে যায়, যার প্রভাবে সব পণ্যের দাম বাড়ে। তবে এ ধরনের কোনো পরিস্থিতি আমাদের এখনও নেই।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সৃষ্ট প্রতিবন্ধকতাগুলো দূর করে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে বন্ধ থাকা স্থলবন্দর ও বর্ডার হাট পুনরায় চালুর আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অন্যদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিমধ্যে শক্তিশালী বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ককে আরও সহজ ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে।

ওদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বৈঠক করেছেন। সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা এবং নতুন নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বমূলক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড নেগোসিয়েশন পুলের সাথে যুক্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন