প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি সই করেছে কুয়েত। কুয়েত নিউজ এজেন্সি (কেইউএনএ) জানিয়েছে, ইসলামাবাদে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কুয়েতি সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল শুরাইয়ান এবং ইসলামাবাদে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত নাসের আল মুতাইরি উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুক্তির বিষয়টি জানানো হয়। পাকিস্তান সফরের অংশ হিসেবে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী ইসলামাবাদে যান। সেখানে তাকে আনুষ্ঠানিক সামরিক অভ্যর্থনা দেয়া হয়। বৈঠকে কুয়েত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করা হয়। পাশাপাশি সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং এসব বিষয়ে যৌথভাবে করণীয় নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেয়া হয়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি স্বাক্ষর দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে সামরিক বাহিনীগুলোর মধ্যে কার্যক্রমে সমন্বয় বাড়ানো, অভিজ্ঞতা বিনিময় এবং প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয়ের মাত্রা উন্নত করার একটি কাঠামো তৈরি হবে। চুক্তিটি দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলসহ বৃহত্তর অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতায় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
