নিরাপত্তা শঙ্কায় নিভৃত জীবন কাটাচ্ছেন ট্রাম্পপুত্র ব্যারন

নিরাপত্তা শঙ্কায় নিভৃত জীবন কাটাচ্ছেন ট্রাম্পপুত্র ব্যারন

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্প নিরাপত্তা শঙ্কায় অনেকটা ‘নিভৃত’ জীবন কাটাচ্ছেন। গত দুই বছরে তার পিতাকে হত্যার তিনটি চেষ্টা হয়। সাম্প্রতিক সময়ে ব্যারনকে হুমকি দেয়া হয়। এরপরই তিনি জনসমক্ষে চলাফেরা এড়িয়ে চলছেন। এ খবর দিয়েছে অনলাইন নিউইয়র্ক পোস্ট। ডনাল্ড ট্রাম্পের সবচেয়ে ছোট সন্তান ব্যারন বর্তমানে নিউইয়র্ক ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি গ্রীষ্মের বেশিরভাগ সময় তিনি তার মা ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে নিউ জার্সির ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব বেডমিনস্টারে কাটিয়েছেন। ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র নিউইয়র্ক পোস্টকে বলেছেন, সে বাইরে যায় না। আরেক সূত্র ব্যারনকে বেশ নিভৃতচারী হিসেবে বর্ণনা করেছেন।

সূত্রের দাবি, ব্যারন প্রকাশ্যে দেখা দিতে পছন্দ করেন না। কোথাও তাকে দেখা গেলে দ্রুত ব্যক্তিগত নিরাপদ স্থানে চলে যান। ওই সূত্র বলেন, তাকে কোথাও ঘোরাঘুরি করতে দেখা যায় না। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রক্ষণশীল অধিকারকর্মী চার্লি কার্কের সঙ্গে ব্যারনের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। কার্কের হত্যাকাণ্ড ব্যারনকে গভীরভাবে প্রভাবিত করে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তার পিতা ট্রাম্পকে ফোন করে কার্কের মৃত্যুর খবর জানান ব্যারন। সে সময় তিনি তার পিতাকে বলেন, তুমি যখন বাইরে বের হবে, তখন এমনই ঘটে। ব্যারনের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো তথ্য প্রকাশ না করার অনুরোধ করেছে মেলানিয়ার দপ্তর। দপ্তরটি জানিয়েছে, সাম্প্রতিক হুমকির পরিপ্রেক্ষিতে তার (ব্যারনের) ব্যক্তিগত জীবনসংক্রান্ত যেকোনো তথ্য সব ধরনের প্রতিবেদনের বাইরে রাখা হোক। মেলানিয়া তার ছেলের ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং ব্যারনের ব্যক্তিগত পরিসর বজায় রাখার সিদ্ধান্তকে সম্মান করেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

ডনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার সময় ব্যারনের বয়স ছিল এমন পর্যায়ে, যখন তার সিক্রেট সার্ভিস নিরাপত্তা প্রত্যাহার হওয়ার কথা ছিল। তখন মেলানিয়ার দপ্তর হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ব্যারনের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর অনুরোধ জানায়। বাইডেন প্রশাসন সেই অনুরোধ মেনে নেয়। মেলানিয়ার একটি তথ্যচিত্রের অংশে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের তিনি বলছেন, আমি জানি ব্যারন বাইরে যাবে না। আর আমি সেটাকে সম্মান করি।

সে সময় ট্রাম্পের অভিষেক উপলক্ষে ফার্স্ট ফ্যামিলির পেনসিলভেনিয়া অ্যাভিনিউ দিয়ে হেঁটে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। পরে তীব্র ঠাণ্ডার কারণে সেই পরিকল্পনা পরিবর্তন করে অনুষ্ঠানটি অভ্যন্তরীণ স্থানে নেয়া হয়। উল্লেখ্য, এর মধ্যেই চলতি সপ্তাহে ডনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে অস্বাভাবিক ধরনের হুমকি প্রচার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইআরজিসি ঘনিষ্ঠ গণমাধ্যমে প্রকাশিত এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের চ্যানেল-৩-এ প্রচারিত একটি ভিডিওতে ব্যারন ট্রাম্পকে কীভাবে খুঁজে বের করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়। এতে ব্যারনের গতিবিধি তুলে ধরার পাশাপাশি তাকে হত্যার জন্য ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।