জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ড

জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

ফন্ট সাইজ:

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় দুঘটনায় নিহত নওগাঁর সাতজনের মরদেহের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হলে তারা নিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশে রওনা হন।

জানাজা নামাজে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানার ওসি মাহবুব আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের অগ্নিকাণ্ডে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে আসে। এদের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলাতে। নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু বলেন, নিহতদের পরিবারকে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড থেকে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে। এছাড়া বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।